রাজ্যে বিজেপি (BJP) ক্ষমতায় এলে শিল্পের বন্যা বইবে, নির্বাচনের আগে ঠিক এমনটাই প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি নেতৃত্ব। কিন্তু ক্ষমতায় আসতেই দেখা গেল উলট পুরাণ। শিল্প আনার বদলে হুমকি দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে কারখানা। তাও সেই অভিযোগের তির বিজেপি বিধায়কের ঘনিষ্ঠের বিরুদ্ধে। আর সেই ঘটনা প্রচারিত হতেই চাপে পড়ে পিছু হটল বিজেপি নেতৃত্ব। দু’দিন বন্ধ থাকার পর মঙ্গলবার ফের কাজ শুরু হল প্রমোদনগরের (Pramod Nagar) ভাগাড়ে সার কারখানায়। তবে কারখানার স্বাভাবিক ছন্দ ফিরলেও কর্মীদের একাংশের মধ্যে এখনও কাটেনি আতঙ্ক। এর মধ্যেই অশান্তি পাকানোর অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে দমদম (Dum Dum) থানার পুলিশ।
আরও পড়ুন: শালবনি মামলার তদন্তে কালীঘাটে সিআইডি, সুমিতকে নিয়ে ফ্ল্যাটে তল্লাশি
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম শ্যামল প্রামাণিক ও রাজীব সেন। কারখানা কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। সোমবার রাতে অভিযোগ পাওয়ার পরই এলাকায় তল্লাশি চালিয়ে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আরও পড়ুন: বারুইপুর এনকাউন্টার মামলায় সিসিটিভি ‘সুরক্ষিত’ রাখার নির্দেশ হাই কোর্টের
গত শনিবার দমদমের এই কারখানার ভিতরে ঢুকে একদল লোক। দমদমের বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সির (Arijit Bakshi) অনুগামী পরিচয়ে তারা হামলা চালায় বলে অভিযোগ। পরিস্থিতি ঘিরে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, কারখানার ম্যানেজারকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় বিজেপির একটি কার্যালয়ে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছিলেন। নিরাপত্তা ও প্রশাসনিক হস্তক্ষেপের আশ্বাস মেলায় মঙ্গলবার থেকে ফের কারখানায় কাজ শুরু হয়েছে। কর্মীদের একাংশের দাবি, এমন ঘটনা আগে কখনও দেখেননি তাঁরা। ফলে কাজ শুরু হলেও ভয় পুরোপুরি কাটেনি। ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
















