ফের বিতর্কে জড়ালেন এয়ার ইন্ডিয়ার পাইলট। জুরিখ থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান ছাড়ার ঠিক আগেই অ্যালকোহল পরীক্ষায় ব্যর্থ হলেন এয়ার ইন্ডিয়ার (Air India) পাইলট (Pilot)। তাঁর শরীরে মেলে নির্ধারিত সীমার চেয়ে বেশি অ্যালকোহল (Alcohol)। সঙ্গে সঙ্গে বিমান থেকে নামিয়ে তাঁকে সাময়িক ভাবে বরখাস্তও করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
আরও পড়ুন: প্রেমিকাকে সম্পত্তি দেওয়ার ভয়! সন্দেহের বশে বাবাকে খুন ‘গুণধর’ পুত্রের
ঘটনাটি ঘটে গত ৬ সেপ্টেম্বর। সুইৎজারল্যান্ডের জুরিখ বিমানবন্দর থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার এআই ১৫১ বিমানে ঘটে এই ঘটনা। উড়ানের আগে বিমানবন্দরের কাজ করা পাইলটের ডোপ টেস্ট (Dope Test) করা হয়। তখনই তাঁর শরীরে মেলে অ্যালকোহল। বিষয়টি দ্রুত স্থানীয় কর্তৃপক্ষকে জানানো হয়। এরপরেই বিমান ওড়ানোর আগেই তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। ঘটনার পর এয়ার ইন্ডিয়া ওই পাইলটকে সাময়িক ভাবে বরখাস্ত করেছে। অন্য এক পাইলট ওই বিমানটিকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। চূড়ান্ত চিকিৎসা পরীক্ষার রিপোর্ট এবং সংস্থার অভ্যন্তরীণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে সূত্রের খবর।
এই ঘটনা প্রসঙ্গে এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, যাত্রী নিরাপত্তার ক্ষেত্রে সংস্থা কোনও রকম আপস করে না। বিমান চলাচলের নিয়ম বা সংস্থার নির্ধারিত নিরাপত্তাবিধি লঙ্ঘনের ঘটনা প্রমাণিত হলে সংশ্লিষ্ট পাইলটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সমস্ত বিমানকর্মীকে সর্বোচ্চ নিরাপত্তার মান বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশও দেওয়া হয়েছে।
এর আগে ফুকেত থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়ানে পাইলটের শরীরে গাঁজার উপাদান মেলার ঘটনা সামনে এসেছিল। ওই বিমানে যান্ত্রিক সমস্যার জেরে মাঝআকাশে বিমানটি আচমকা প্রায় ৩০০ ফুট নিচে নেমে আসে বলে জানা যায়। ঘটনায় ১১ জন যাত্রী এবং চার জন বিমানকর্মী আহত হন। যদিও কারও গুরুতর আঘাত লাগেনি বলে এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছিল।
ঘটনার তদন্তে সংশ্লিষ্ট পাইলটের মাদক পরীক্ষা করা হয়। প্রথম পরীক্ষায় তাঁর শরীরে সাইকোঅ্যাক্টিভ পদার্থের উপস্থিতি ধরা পড়ে। পরে দ্বিতীয় পরীক্ষাতেও ফল পজিটিভ আসে। পরীক্ষার ফল থেকে পাইলটের গাঁজা সেবনের বিষয়টি নিশ্চিত হয় বলে জানা যায়। শুধু তাই নয়, তাঁর শরীরে ঘুমের ওষুধের উপস্থিতিও পাওয়া গিয়েছিল। এরপর থেকেই বিমান চালকদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
















