প্রেমিকাকে সম্পত্তির ভাগ দিতে পারেন, এই সন্দেহের বশেই নিজের বাবাকে খুন করল পুত্র! উত্তরপ্রদেশের কানপুরের ব্যবসায়ী বিনীত মিনোচা হত্যাকাণ্ডে পুলিশি তদন্তে উঠে এসেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য। পরিবারের অমতে এক তরুণীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বাবা, আর তাতেই ক্ষোভ তৈরি হয়েছিল ছেলের মনে। সম্পত্তি হাতছাড়া হওয়ার আশঙ্কায় শেষ পর্যন্ত নিজের বাবাকেই দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ছক কষে সে। কানপুরের এই নামী ব্যবসায়ীর রহস্যমৃত্যুর ঘটনার তদন্তে নেমে সম্প্রতি পুলিশ এই নতুন মোড় উন্মোচন করেছে। পুলিশি জেরায় ধৃত যুবক নিজের অপরাধ স্বীকার করেছে।
আরও পড়ুন: বেকারির ভিতরেই খুন ম্যানেজার, লুঠ নাকি ব্যক্তিগত শত্রুতা!
তদন্তকারী আধিকারিকদের সূত্রে জানা গেছে, নিহত ব্যবসায়ী বেশ কিছুদিন ধরেই এক তরুণীর সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন। তিনি তাঁর উপার্জিত সম্পত্তির একটি বড় অংশ ওই প্রেমিকাকে লিখে দেওয়ার পরিকল্পনা করছিলেন। এই খবর কোনভাবে জানতে পারে তাঁর পুত্র সুব্রত। এরপরই বাবার ওপর তীব্র ক্ষোভ ও আক্রোশ তৈরি হয় তার। সম্পত্তি যাতে কোনভাবেই ওই তরুণীর হাতে না যায়, তা নিশ্চিত করতে বাবাকে খুনের পরিকল্পনা করে ছেলে। সুযোগ বুঝে ঠান্ডা মাথায় সে তার বাবাকে হত্যা করে এবং ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু বা দুর্ঘটনা হিসেবে চালানোর চেষ্টা করে।
আরও পড়ুন: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে মুম্বই থেকে আন্দোলন শুরু করতে চলেছে সিজেপি!
প্রাথমিকভাবে বিষয়টিকে ঘিরে ধোঁয়াশা থাকলেও, ব্যবসায়ীর আকস্মিক মৃত্যুতে পুলিশের সন্দেহ হয়। ঘটনার তদন্ত শুরু করে গত ২৩ সেপ্টেম্বর সুব্রতকে গ্রেফতার করে পুলিশ। এই হত্যা মামলায় অভিযুক্তের স্ত্রী শালু, পরিচারক বিশাল এবং তাঁর সঙ্গীকে মুখোমুখি বসিয়ে সুব্রতকে জেরা করা হলে সুব্রত নিজের মুখে খুনের কথা স্বীকার করেন বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদের সময় সুব্রতর কথাবার্তায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে। কেবল সম্পত্তির লোভ এবং বাবার প্রেমিকার প্রতি অন্ধ আক্রোশের জেরেই সে এই চরম পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে।
আরও পড়ুন: লাদাখে হিংসার দায় শাহের! ‘এনকাউন্টারে মৃত্যু’র আশঙ্কা সোনমের
তিনি আরও জানান, তাঁর বাবার সঙ্গে বহু মহিলার সম্পর্ক ছিল। তাঁর আশঙ্কা ছিল বাবা সংসার পাতলে তিনি সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত হতে পারেন। আর এই সন্দেহ থেকেই এই সিদ্ধান্ত। তদন্তকারীরা আরও জানতে পারেন, প্রচুর ধারদেনা করে ফেলেছিলেন সুব্রত। সেই কারণে কখনও কখনও নিজেদের দোকান থেকে চুরিও করেছেন বলে অভিযুক্ত নিজে পুলিশকে জানিয়েছেন। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে এবং এই ঘটনায় অন্য কেউ জড়িত ছিল কিনা, তাও খতিয়ে দেখছে।
















