শুধুমাত্র মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি থাকলেই চলবে না, সপ্তাহে ৫ দিন কর্মদিবস করার দাবিতে একদিনের ব্যাঙ্ক ধর্মঘটের (Bank Strike) ডাক দিয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন। যার ফলে শুক্রবার (১১ সেপ্টেম্বর) দেশ জুড়ে ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হতে চলেছে। ধর্মঘটের প্রভাব পড়তে পারে এটিএমেও। পুজোর মুখে সাধারণ গ্রাহকদের চূড়ান্ত হয়রানির সম্ভাবনা। দাবি পূরণ না হলে সেপ্টেম্বরের শেষে টানা তিন দিন ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে এআইবিওসি (All India Bank Officers Confederation)। 

আজ ধর্মঘটে ব্যাঙ্কের কাজ হবে না রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পাশাপাশি একাধিক বেসরকারি ব্যাঙ্কের পরিষেবাও ব্যাহত হতে পারে বলে মনে করা হচ্ছে।আগামিকাল ও পরশু অর্থাৎ ১২ ও ১৩ সেপ্টেম্বর দ্বিতীয় শনিবার ও রবিবার হওয়ায় ব্যাঙ্ক ছুটি থাকবে। যার অর্থ টানা তিন দিন লেনদেন সংক্রান্ত পরিষেবা ব্যাহত হতে চলেছে। দেবীপক্ষ শুরু হতে যখন আর একমাসও বাকি নেই ঠিক সেই সময় দাঁড়িয়ে ব্যাঙ্ক ধর্মঘটে সমস্যায় পড়তে চলেছেন সাধারণ মানুষ। অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের রাজ্য সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায় জানান, ২০২৪ সালের বেতন সংশোধনের সময় পাঁচ দিনের কর্মদিবস নিয়ে লিখিত চুক্তি হয়েছিল। কিন্তু তারপর কেটে গেছে প্রায় আড়াই বছর। চুক্তিতে যা যা সিদ্ধান্ত হয়েছিল তা বাস্তবায়িত হয়নি। প্রত্যেকবার আইনি জটিলতার অজুহাত দিয়েছে সরকার। এবার বাধ্য হয়ে ধর্মঘটের রাস্তায় হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন ব্যাঙ্কের অফিসাররা।

আরও পড়ুন: রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ! মুম্বইয়ে বাতিল ইসকনের ৩ রেস্তোরাঁর লাইসেন্স

সংগঠনের তরফ থেকে স্পষ্ট করে বলা হয়েছে দাবি না মানলে পুজোর মুখে ফের ধর্মঘট করবেন তারা। এক্ষেত্রে টানা তিন দিন পরিষেবা বন্ধ রাখা হবে। আগামী ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর ধর্মঘট চলবে। তাতেও যদি সরকার সিদ্ধান্ত না নেয় তাহলে পুজো মিটতেই আগামী ২৬ অক্টোবর থেকে লাগাতার ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে এআইবিওসি।