পরিবর্তিত বিশ্ব রাজনীতিতে অবস্থান বদলেছে আমেরিকার। দেশটি নিজের ইচ্ছাতেই ক্রমশ আরও ‘একক শক্তি’ হয়ে উঠেছে। রবিবার দিল্লিতে আয়োজিত Munich Leaders Meeting-এ এই মন্তব্য করলেন ভারতের (India) বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jayshankar)। তিনি বলেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল আমেরিকার (America) নীতিগত অবস্থানে বড় পরিবর্তন এবং চিনের ক্রমবর্ধমান প্রভাব। তাঁর মতে, আমেরিকা ও চিনের মধ্যে প্রতিযোগিতা এখন বিশ্ব রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি।
জয়শঙ্করের মতে, এই প্রতিযোগিতা আর শুধু আমেরিকা ও চিনের (China) মধ্যে সীমাবদ্ধ নেই। বিভিন্ন দেশ নিজেদের হাতে থাকা অর্থনৈতিক, কূটনৈতিক ও অন্যান্য প্রভাবকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। একইসঙ্গে দেশগুলির মধ্যে পারস্পরিক নির্ভরশীলতাও বজায় রয়েছে। উন্নয়নশীল ও মধ্যম শক্তির দেশগুলি এখন নিজেদের স্বার্থ সম্পর্কে আরও সচেতন। তারা সরবরাহ ব্যবস্থা ও অংশীদারিত্বের ক্ষেত্রে ঝুঁকি কমাতে এবং একাধিক দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চাইছে।
ভারতের প্রসঙ্গেও আশাবাদী জয়শঙ্কর। তাঁর মতে, আগামী কয়েক দশক ভারত উচ্চ হারের অর্থনৈতিক বৃদ্ধির সম্ভাবনা ধরে রাখতে পারে। দেশের জনসংখ্যার কাঠামোও এই বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুবিধা হয়ে উঠতে পারে।
বিশ্বের পরিবর্তিত শক্তির ভারসাম্য নিয়ে বক্তব্য রাখতে গিয়ে জয়শঙ্কর জানান, আগামী দিনে মধ্যম শক্তির দেশগুলির অবস্থানও একরকম থাকবে না। কেউ আরও শক্তিশালী হয়ে উঠবে, কেউ বর্তমান অবস্থান ধরে রাখবে, আবার কেউ পিছিয়েও পড়তে পারে। তাঁর বক্তব্যে স্পষ্ট, বর্তমান বিশ্বব্যবস্থা দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ভারত-সহ বিভিন্ন দেশ নিজেদের কৌশল ও আন্তর্জাতিক অংশীদারিত্ব নতুন করে সাজাচ্ছে।















