LGBTQ+ সমাজের প্রতিনিধি তথা স্যোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধুকে পঞ্জাবে গুলি করে খুন। বাইকে চড়ে দুই আততায়ী গিয়ে এলোপাথাড়ি গুলি চালায় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ম্যাডের। পোস্টে হামলার দায় স্বীকার করা হয়েছে ‘Goldy Dhillon’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে। 

পেশায় মেকআপ আর্টিস্ট সান্ধুর আসল নাম মধুসূদন। একাধিক পডকাস্টে মেকআপের খুঁটিনাটি নিয়ে আলোচনা করতেন তিনি। নিজের লিঙ্গ পরিচয় নিয়েও খোলামেলা আলোচনা করতেন। LGBTQ+ সমাজের প্রতিনিধি হিসেবে গর্ববোধ করতেন। সোশ্য়াল মিডিয়ায় সমালোচকদের জবাব দিতেও দ্বিধা করতেন না। নিজের গাড়ি পরিষ্কার করতে দিয়েছিলেন সান্ধু। শনিবার সন্ধেয় গাড়িটি নিতে অমৃতসরের লোহারকা রোডে যান সান্ধু। সেই তাঁর উপর হামলা হয় বলে অভিযোগ। খুব কাছ থেকে গুলি চালানো হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। দু’-তিন রাউন্ড গুলি চালানো হয়।

অমৃতসর পুলিশের অ্যাডিশনাল ডেপুটি কমিশনার জানিয়েছেন, রক্তাক্ত অবস্থায় সান্ধু লুটিয়ে পড়তেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় হামলাকারীরা। রক্তাক্ত অবস্থায় সান্ধুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। ঘটনাস্থলের একটি ভিডিও সামনে এসেছে।

ঘটনার পরই ফেসবুকে ‘Goldy Dhillon’ নামের একটি অ্যাকাউন্ট থেকে সান্ধুকে খুনের দায় স্বীকার করা হয়। লেখা হয়, ‘পঞ্জাবকে নষ্ট করছিলেন সান্ধু’। ওই পোস্টটিকেও তদন্তের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আততায়ীদের খোঁজ চলছে। তবে খুনের কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয়।