উত্তরপ্রদেশের ( UttarPradesh) রাজনীতিতে ফের আলোচনায় রায়বরেলি ( Rae Bareli) সদর কেন্দ্রের বিধায়ক অদিতি সিং ( Aditi Singh)। কংগ্রেসের ( Congress) হাত ধরে রাজনীতিতে উঠে আসা এই নেত্রী বর্তমানে বিজেপির বিধায়ক। কিন্তু সাম্প্রতিক কিছু রাজনৈতিক গতিবিধিকে ঘিরে এবার তাঁর দলবদলের সম্ভাবনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক মহলে কানাঘুষো, ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে ফের কংগ্রেসের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেন অদিতি।

আরও পড়ুন: ১৩ বছরের পুরনো ধর্ষণ মামলা, গোয়ার আদালতে আত্মসমর্পণ তেজপালের

গান্ধী পরিবারের সঙ্গে অদিতির পরিচয় অবশ্য নতুন নয়। তাঁর বাবা অখিলেশ কুমার সিং ছিলেন দীর্ঘদিনের কংগ্রেস নেতা। রায়বরেলি সদর কেন্দ্র থেকে পাঁচবার বিধায়কও নির্বাচিত হয়েছিলেন তিনি। গান্ধী পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অখিলেশের সূত্রেই ওই পরিবারের সঙ্গে অদিতির যোগাযোগ তৈরি হয়। ২০১৭ সালে বাবার রাজনৈতিক কেন্দ্র থেকেই কংগ্রেসের প্রার্থী হন অদিতি। সেই নির্বাচনে উত্তরপ্রদেশজুড়ে বিজেপির জয়ের সম্ভাবনা থাকলেও রায়বরেলি সদর থেকে জয় পান তিনি। মাত্র কয়েক বছরের মধ্যেই নিজের রাজনৈতিক পরিচয় তৈরি করে ফেলেন অদিতি। 

রাজনীতিতে আসার আগে অবশ্য অন্য পথ বেছে নিয়েছিলেন তিনি। দিল্লি ও মুসৌরিতে পড়াশোনা শেষ করার পর আমেরিকার ডিউক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। পরবর্তীতে কর্পোরেট ক্ষেত্রেও কাজ করেছিলেন। পরে সেই চাকরি ছেড়ে সক্রিয় রাজনীতিতে আসেন। রাজনৈতিক মহলে প্রচলিত মত, প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে ঘনিষ্ঠতার কারণেও রাজনীতিতে আসার সিদ্ধান্তে প্রভাব পড়েছিল। অদিতির রাজনৈতিক পরিচিতির পাশাপাশি একসময় তাঁকে ঘিরে ব্যক্তিগত একটি গুঞ্জনও ছড়িয়েছিল। ২০১৮ সালের দিকে রাহুল গান্ধীর সঙ্গে তাঁর বিয়ে হতে পারে বলে সমাজমাধ্যমে জল্পনা শুরু হয়। সোনিয়া গান্ধী ও রাহুলের সঙ্গে অদিতির কয়েকটি ছবি সামনে আসার পর সেই আলোচনা আরও বাড়ে। শেষ পর্যন্ত অদিতিকেই বিষয়টি স্পষ্ট করতে হয়। রাহুলকে নিজের দাদার মতো বলে জানান তিনি এবং রাখি বাঁধার কথাও বলেন। এরপর সেই জল্পনা থেমে যায়।

এরপর অবশ্য অদিতির ব্যক্তিগত জীবন অন্য দিকে এগোয়। ২০১৯ সালে পাঞ্জাবের কংগ্রেস বিধায়ক এবং ব্যবসায়ী অঙ্গদ সিংকে বিয়ে করেন তিনি। সেইসঙ্গে  রাজনীতিতে তখন বদল আসতে শুরু করেছে। কংগ্রেসের সঙ্গে অদিতির দূরত্ব বাড়ে এবং শেষ পর্যন্ত ২০২২ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন তিনি। তবে সম্প্রতি অদিতির সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধীর অন্তত দু’বার কথা হয়েছে। আমেঠির কংগ্রেস সাংসদ কিশোরীলাল শর্মার সঙ্গেও তাঁর যোগাযোগ রয়েছে বলে সূত্রের খবর। এই যোগাযোগগুলির খবর সামনে আসতেই অদিতির কংগ্রেসে ফেরার জল্পনাকে আরও জোরালো হয়েছে। সব মিলিয়ে অদিতি সিংকে ঘিরে উত্তরপ্রদেশের রাজনীতিতে নতুন করে কংগ্রেসে ফেরার জল্পনা তৈরি হয়েছে। একসময় গান্ধী পরিবারের ঘনিষ্ঠ কংগ্রেস বিধায়ক, পরে বিজেপির জনপ্রতিনিধি এই রাজনৈতিক যাত্রায় ফের কি পুরনো দলে ফিরবেন তিনি? তবে এখনও মেলেনি উত্তর।