কর্নাটকের বিজয়পুরা ভুতনাল জলাশয় থেকে এক মহিলা ও তাঁর ৫ সন্তানের দেহ উদ্ধার হয়েছে। ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে হ্রদের জলে ৬টি দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করেন। 

আরও পড়ুন: ভেন্টিলেশন মানেই কি শেষ সময়? জানুন আসল সত্য

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শোভা জালাগেরি (৩৫)। মৃত ৫ সন্তানের বয়স ৬ থেকে ১৫ বছরের মধ্যে। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে ৪ জন মেয়ে ও একটি ছেলে রয়েছে। পরিবারের এই ৬ সদস্যই গত ২৪ অগাস্ট থেকে নিখোঁজ ছিলেন বলে দাবি করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।

স্থানীয় সূত্রে খবর, পরিবারের সদস্যরা নিখোঁজ হওয়ার পর গত ২৪ অগাস্ট বিজয়পুরা রুরাল থানায় একটি নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁদের সন্ধান চালাচ্ছিল। বুধবার সকালে ভুতনাল জলাশয়ে মৃতদেহগুলি ভেসে ওঠার খবর আসে। বিজয়পুরার পুলিশ সুপার লক্ষ্মণ নিম্বারগি জানান, এদিন সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটে হ্রদে মৃতদেহগুলি ভাসার খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী যৌথভাবে উদ্ধারকাজ চালায়।

এই মর্মান্তিক ঘটনার নেপথ্যে প্রকৃত কারণ কী, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ দুর্ঘটনাজনিত ডুবে মৃত্যু এবং আত্মহত্যা—এই দুই সম্ভাবনাই গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিজয়পুরার বিএলডিই হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল কারণ বলা সম্ভব হবে।