উৎসবের মরশুমে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ বম্বে হাই কোর্টের (Bombay High Court)। মহারাষ্ট্রে উৎসব চলাকালীন খোলা রাস্তা বা জনসমক্ষে আতসবাজি পোড়ানোর উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। একইসঙ্গে লেজার লাইট, উচ্চমাত্রার লুমেন লাইট এবং বিম ব্যবহারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

বিচারপতি জি এস কুলকার্নি এবং বিচারপতি নীলা কে গোখলের ডিভিশন বেঞ্চ একটি স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে এই নির্দেশ দেয়। মূলত উৎসব ও শোভাযাত্রায় অতিরিক্ত শব্দ এবং বায়ুদূষণ নিয়ে উদ্বেগের প্রেক্ষিতেই আদালতের এই পদক্ষেপ। আদালতের নির্দেশ অনুযায়ী, অনুষ্ঠান বা শোভাযাত্রায় শব্দের মাত্রা নিয়ন্ত্রণে ডেসিবেল মিটার ও সাউন্ড লিমিটার ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছে। অনুমতি নিয়ে আয়োজিত অনুষ্ঠানগুলিতেও শব্দের নির্ধারিত সীমা মানা হচ্ছে কিনা, সেটা প্রশাসন ও পুলিশকে নজরদারি করতে হবে। নিয়ম ভাঙলে সংশ্লিষ্ট সাউন্ড সিস্টেম বাজেয়াপ্ত করার মতো পদক্ষেপের কথাও বলা হয়েছে। অনুষ্ঠানের অনুমতিপত্র প্রকাশ্যে প্রদর্শনের পাশাপাশি আয়োজকদের পরিচয় ও যোগাযোগের তথ্য জানানোর নির্দেশও দিয়েছে আদালত।
তবে এই নির্দেশের অর্থ ব্যক্তিগত পরিসরে সব ধরনের বাজি পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ—এমনটা নয়। আদালতের মূল নিষেধাজ্ঞা প্রকাশ্য রাস্তা ও জনসমাগমস্থলে আতসবাজি পোড়ানোর ক্ষেত্রে। 

আদালতের বক্তব্য, উৎসব পালন চলতে পারে, কিন্তু তার জন্য সাধারণ মানুষের স্বাস্থ্য ও পরিবেশের উপর অতিরিক্ত শব্দ ও দূষণের প্রভাব পড়া উচিত নয়। নিয়ম শুধু কাগজে থাকলেই হবে না, তার বাস্তব প্রয়োগও নিশ্চিত করতে হবে।