দিল্লিতে ফের মহিলার নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন, সামনে এল সামাজিক ও রাজনৈতিক অবক্ষয়ের ছবি। চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক ৪১ বছরের মহিলাকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি পূর্ব দিল্লির মন্দাওয়ালি এলাকার। অভিযোগ, ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই মহিলাকে ব্ল্যাকমেলও করা হয়। অভিযুক্তের নাম দীপক বনসাল। ঘটনার পর থেকেই তিনি পলাতক বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, লক্ষ্মীনগরের বাসিন্দা ওই মহিলার সঙ্গে প্রায় দু’বছর আগে পরিচয় হয় গণেশ নগরের বাসিন্দা দীপক বনসালের। অভিযোগ, চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ রাখতেন অভিযুক্ত। গত ৪ মার্চ চাকরির বিষয়ে কথা বলার অছিলায় ওই মহিলার সঙ্গে দেখা করেন দীপক। অভিযোগ, সেই সময় তাঁকে এমন একটি জিনিস খাওয়ানো হয়, যার জেরে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপরই তাঁকে ধর্ষণ করা হয় বলে লিখিত অভিযোগ জানান তিনি। জ্ঞান ফেরার পর মহিলা প্রতিবাদ করলে তাঁকে আরও ভয় দেখানো হয়। পুলিশ জানিয়েছে, ওই মহিলার দাবি, অভিযুক্ত ঘটনার একটি ভিডিয়ো রয়েছে বলে জানিয়ে সেটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। শুধু তাই নয়, তাঁর সোনার চুড়ি, আংটি ও হারও নিয়ে নিয়েছিলেন অভিযুক্ত। পুলিশে অভিযোগ জানালে ভয়াবহ পরিণতির হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। এমনকি পুলিশের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে এবং অভিযোগ করলে মহিলার গায়ে অ্যাসিড ঢেলে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল।

তিনি জানিয়েছেন, ভয়ে বেশ কয়েক মাস চুপ ছিলেন তিনি কিন্তু অভিযুক্তের তরফে হয়রানি চলতে থাকায় শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন তিনি। পুলিশ সূত্রে খবর, গত ২২ সেপ্টেম্বর মন্দাওয়ালি থানায় দীপক বনসালের বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করতে সম্ভাব্য বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। আপাতত পলাতক অভিযুক্ত। ঘটনার পর ওই মহিলার কাউন্সেলিংয়ের ব্যবস্থাও করা হয়েছে।