দিল্লি (Delhi) থেকে বাংলা (Bengal), সর্বত্রই ট্রাফিক ব্যবস্থা অচল করে রাখা হচ্ছে। ‘ইন্ডিয়া’ ব্লককে আটকানোর নামে রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে, বসানো হচ্ছে ব্যারিকেড। আর তার জেরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ‘ইন্ডিয়া’র বৈঠক থেকে বেরিয়ে এমনটাই অভিযোগ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবারের সুপ্রিম কোর্ট (Supreme Court) অভিযানে অংশ নেননি মমতা। তবে অভিযানের আগে কনস্টিটিউশন ক্লাবে দলের সাংসদদের নিয়ে বৈঠকে যোগ দেন তিনি। সেখান থেকেই বিরোধীদের এই কর্মসূচিতে পূর্ণ সমর্থন জানান মমতা। সুপ্রিম কোর্টে পিটিশন জমা দেওয়ার কর্মসূচিকে প্রতীকী প্রতিবাদ বলে এদিন ব্যাখ্যা করেন তিনি।
আরও পড়ুন: ভোটার তালিকা নিয়ে মহাসংঘাত! SIR ইস্যুতে সুপ্রিম কোর্টে রিট পিটিশন রাহুলের
মমতা বলেন, “আমরা প্রধান বিচারপতিকে বিরক্ত করতে চাই না। এটা আমাদের প্রতীকী প্রতিবাদ। আমরা বিচার চাই, সেটাই বলতে এই অভিযান।” এদিকে, ‘ইন্ডিয়া’ জোটের নেতাদের পাশাপাশি আইনজীবী ও সাংবাদিকদেরও আটক করা হচ্ছে বলে অভিযোগ। তা নিয়েই প্রশাসনের বিরুদ্ধে সরব হন তৃণমূল নেত্রী। তাঁর কথায়, “সময় বদলাবে। আজ আমাদের আটক করছে, এর পরে অন্য কাউকে যেতে হবে।” পাশাপাশি, কোনও বাধার কাছে মাথা নত না করে বিরোধী ঐক্য অটুট রেখে লড়াই চালিয়ে যাওয়ার বার্তাও দেন মমতা।















