নির্বাচনী তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-কে কেন্দ্র করে রাজনৈতিক সংঘাত এবার আদালতের দরজায়। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং ‘ভোট চুরি’র অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে বিরোধীদের প্রশ্নের মধ্যেই এই পদক্ষেপ জাতীয় রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।
কংগ্রেসের অভিযোগ, SIR প্রক্রিয়ায় বিপুল সংখ্যক বৈধ ভোটারের নাম বাদ পড়া এবং ভোটার তালিকা সংশোধন ঘিরে একাধিক প্রশ্ন উঠেছে। এই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে উদ্বেগ জানিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে হাঁটলেন রাহুল। বিরোধীদের দাবি, ভোটাধিকার রক্ষা এবং নির্বাচনী ব্যবস্থার নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি। এই ইস্যুতে আগেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছিলেন রাহুল-সহ বিরোধী নেতারা। কিন্তু সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে মামলা আদালতে বিচারাধীন থাকায় প্রধান বিচারপতি তাঁদের আলাদা সময় দেননি। পরিবর্তে, আইনি প্রতিকার চেয়ে আদালতে আবেদন জানানোর পথ খোলা রয়েছে বলে জানানো হয়। এরপরই সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেয় বিরোধী শিবির। SIR এবং ভোট চুরির অভিযোগকে সামনে রেখে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও তুলেছে বিরোধী দলগুলি। রাহুল গান্ধীর বক্তব্য, এই লড়াই কোনও ব্যক্তি বা নির্দিষ্ট রাজনৈতিক দলের জন্য নয়, বরং সংবিধান ও গণতান্ত্রিক ব্যবস্থাকে রক্ষা করার জন্য। নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে বিরোধীদের অসন্তোষের মধ্যেই আইনি লড়াইকে পরবর্তী পর্যায়ে নিয়ে গেল কংগ্রেস।
এই মামলার পাশাপাশি SIR ও ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা রয়েছে। ১৩ অক্টোবর, মঙ্গলবার, সংশ্লিষ্ট বিষয়গুলি আদালতে শুনানির জন্য নির্ধারিত রয়েছে। ফলে ভোটার তালিকার সংশোধন, নির্বাচন কমিশনের ভূমিকা এবং বিরোধীদের অভিযোগ—সব মিলিয়ে আদালতের পরবর্তী পদক্ষেপের দিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।















