প্যাকেটজাত খাদ্যে অতিরিক্ত চিনি, নুন ও স্যাচুরেটেড ফ্যাট থাকলে প্যাকেটের গায়ে স্বাস্থ্য সংক্রান্ত সতর্কবার্তা দেওয়া বাধ্যতামূলক! এই নিয়ে কেন্দ্র ও FSSAI (ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া)-কে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। আদালতের প্রশ্ন, জনস্বাস্থ্যের সঙ্গে যুক্ত এই গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার কেন এখনও কার্যকর পদক্ষেপ করছে না।
আরও পড়ুন: এজলাসেই কুরুচিকর বাগযুদ্ধ! পরিস্থিতি সামলালেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি
এক জনস্বার্থ মামলার শুনানিতে বৃহস্পতিবার বিচারপতি জে পি পার্দিওয়ালা ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ জানায়, এই ধরনের সিদ্ধান্ত কোনওভাবেই কর্পোরেট সংস্থার চাপের দ্বারা প্রভাবিত হওয়া উচিত নয়। মামলাকারীর দাবি, প্যাকেটজাত খাবারের উপর সতর্কবার্তা লেখাতে প্রস্তুতকারক সংস্থাগুলির আপত্তির কারণেই FSSAI বিষয়টি নিয়ে গড়িমসি করছে। গত ৭ মার্চ FSSAI-এর বৈঠকের সিদ্ধান্তও আদালতের পূর্ববর্তী নির্দেশের পরিপন্থী বলে দাবি করা হয়।
আরও পড়ুন: বেহাল স্বাস্থ্যব্যবস্থায় দু’দিনে ১০ শিশুমৃত্যু! উত্তরবঙ্গ মেডিক্যালকে কড়া নির্দেশ
FSSAI-এর তরফে প্রস্তাব দেওয়া হয়, সতর্কবার্তার পরিবর্তে প্যাকেটে প্রতিদিন কতটা অতিরিক্ত চিনি, নুন বা স্যাচুরেটেড ফ্যাট কতটা আছে, তা উল্লেখ করা যেতে পারে। কেন্দ্রের পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল ব্রিজেন্দর চাহার যুক্তি দেন, সতর্কবার্তা চালু হলে বিভ্রান্তি তৈরি হতে পারে, কারণ প্রচলিত ভারতীয় খাবারে চিনি ও নুনের পরিমাণ তুলনামূলক বেশি। জবাবে বিচারপতিদের প্রশ্ন, "আপনারা কি চান না দেশের সাধারণ মানুষ সুস্থ থাকুন? বিশেষ করে বাড়ন্ত শিশুদের স্বাস্থ্যের প্রশ্ন যেখানে জড়িয়ে রয়েছে!"
এর পরেই কেন্দ্র ও FSSAI-এর উদ্দেশে আদালতের কড়া বার্তা, "আপনারা এতদিন কী করেছেন? আপনাদের উপরে চাপ আছে আমরা জানি। আপনারা নিজে থেকে কিছু করবেন, নাকি আমরাই নির্দেশ দেব?" জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে আদালতের আগের নির্দেশ দ্রুত কার্যকর করার প্রয়োজনীয়তার উপরই এদিন জোর দেয় সুপ্রিম কোর্ট।
















