বেহাল রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা! উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পরপর দু’দিনে ১০ শিশুর মৃত্যু! এই নিয়ে এবার নড়েচড়ে বসেছে স্বাস্থ্যভবন। গত ২ ও ৩ অগাস্টের এই ঘটনায় হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় নতুন করে প্রশ্ন উঠছে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে অকারণে রেফারকে মৃত্যুর অন্যতম কারণ হিসেবে তুলে ধরলেও, পরিকাঠামোর ঘাটতি মেটাতে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছে স্বাস্থ্যভবন।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ১৮টি ভেন্টিলেটর থাকলেও দীর্ঘদিন ধরে ব্যাটারির অভাবে ১০টি ভেন্টিলেটর অকেজো হয়ে পড়েছিল। অভিযোগ, ভেন্টিলেটর পরিষেবা না পাওয়ার জন্যেও কয়েকজন শিশুর মৃত্যু হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে অকেজো ১০টি ভেন্টিলেটর দ্রুত মেরামত করে ঠিক করার জন্য কড়া নির্দেশ দিয়েছে স্বাস্থ্যভবন। পাশাপাশি চিকিৎসা পরিষেবার মান খতিয়ে দেখতে এবং প্রয়োজনীয় পরামর্শ দিতে হাসপাতালে বিশেষজ্ঞ দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হাসপাতালের প্রিন্সিপাল ডাঃ সুজয় মিস্ত্রির দাবি, মৃত ১০ শিশুর মধ্যে মাত্র একজনের জন্ম উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালেই হয়েছিল। বাকি শিশুরা বিহার-সহ বিভিন্ন জেলা থেকে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় এখানে রেফার হয়ে এসেছিল। তাঁর অভিযোগ, রেফারের আগে সংশ্লিষ্ট হাসপাতালগুলি ভেন্টিলেটর-সহ জরুরি চিকিৎসা পরিষেবা সম্পর্কে সঠিক খোঁজ নেয়নি।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, কয়েকটি শিশুকে অত্যন্ত কম অক্সিজেনের মাত্রা থাকা সত্ত্বেও ঝুঁকি নিয়ে রেফার করা হয়েছিল। ফলে হাসপাতালে পৌঁছনোর আগেই তাদের শারীরিক পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হয়ে পড়ে। এই পরিস্থিতিতে একদিকে যেমন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের চিকিৎসা পরিকাঠামো আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে, তেমনই অপ্রয়োজনীয় বা ঝুঁকিপূর্ণ রেফার বন্ধ করতেও কড়া পদক্ষেপের পথে হাঁটছে স্বাস্থ্য দফতর।