রাম মন্দিরে ভক্তদের অনুদান চুরি মামলায় বড় স্বস্তি পেলেন ‘শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট’-এর প্রাক্তন সাধারণ সম্পাদক চম্পত রাই এবং প্রাক্তন ট্রাস্টি অনিল মিশ্র। উত্তরপ্রদেশ সরকারের নির্দেশে গঠিত SIT-এর চূড়ান্ত তদন্ত রিপোর্টে তাঁদের বিরুদ্ধে কোনও অপরাধমূলক কাজের প্রমাণ মেলেনি বলে সূত্রের খবর।
আরও পড়ুন: বিদেশিনী-কাণ্ডের জের: অগ্নিনিরাপত্তায় গাফিলতির কারণে তারাপীঠে ১৫ হোটেল বন্ধের নির্দেশ প্রশাসনের
সূত্রের খবর, তিন সদস্যের SIT-এর চূড়ান্ত রিপোর্ট উত্তরপ্রদেশ সরকারের স্বরাষ্ট্র দফতরের তরফে ট্রাস্টের হাতে তুলে দেওয়া হয়েছে। সেই রিপোর্টে চম্পত রাই এবং অনিল মিশ্রকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়নি। এখানে অন্য অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। যারা হলেন অবিনাশ শুক্লা, অনুকল্প মিশ্র, লাভকুশ মিশ্র, মণীশ কুমার যাদব, করুণেশ পাণ্ডে, রমাশংকর মিশ্র, সুভাষ শ্রীবাস্তব এবং রমাশংকর যাদব ওরফে তিনু। অভিযোগ, মন্দিরে প্রাপ্ত অনুদান গণনা এবং তা নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়ার দায়িত্বে থাকা ব্যক্তিদের একাংশ এই অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন।
রাম মন্দিরে চুরির তদন্ত করতে যোগী সরকার লখনউয়ের ডিভিশনাল কমিশনার বিজয় বিশ্বাস পন্থের SIT গঠন করেছিল। তদন্তকারীরা মন্দিরে অনুদান সংগ্রহ, গণনা, সংরক্ষণ এবং হিসাবরক্ষণের প্রক্রিয়া খতিয়ে দেখেন। অভিযুক্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি আর্থিক লেনদেন ও অনুদান ব্যবস্থাপনার বিভিন্ন দিকও তদন্তের আওতায় আসে। বিতর্কের মধ্যেই গত ২৭ জুন চম্পত রাই এবং অনিল মিশ্র ট্রাস্টের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন।
















