তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কড়া পদক্ষেপ করল বীরভূম জেলা প্রশাসন। একাধিক অনিয়মের অভিযোগে তারাপীঠের ১৫টি হোটেল ও লজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। রামপুরহাটের মহকুমাশাসক (SDO) এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বন্ধের নির্দেশ পাওয়া হোটেল ও লজগুলির একাধিক ক্ষেত্রে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। পাশাপাশি, বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কাছে দমকল বিভাগের প্রয়োজনীয় সার্টিফিকেটও ছিল না বলে অভিযোগ। পর্যটন ও তীর্থযাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

বন্ধের নির্দেশ পাওয়া প্রতিষ্ঠানগুলির মধ্যে রয়েছে আদর্শ হোটেল, নকুলচন্দ্র লজ, শৈলেন ভবন, গীতশ্রী গেস্ট হাউস, বীরভূম লজ, হরেকৃষ্ণ ভবন, গিরিধারী ভবন, হোটেল দেব, তাপ্তি লজ, ভোলানাথ ভবন, আনন্দ ভবন, স্বস্তিক নিবাস, সন্দীপ লজ, কেশরী লজ এবং দত্ত ভবন।

সম্প্রতি তারাপীঠের বিদেশিনী হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৯ জনের। এরপরই হোটেল ও লজগুলির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে প্রশাসনিক তৎপরতা বাড়ে। পরিদর্শনের পরই অনিয়ম ধরা পড়া প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে বন্ধের নির্দেশ জারি করা হয়েছে।