২ হাজার টাকার বেশি অনলাইন লেনদেন (Online Transaction) করলেই দিতে হবে না অতিরিক্ত ফি। এমনটাই সূত্র মারফত খবর। ১৫ অক্টোবর থেকে ২ হাজার টাকার বেশি মূল্যের ইউপিআই (UPI) লেনদেনে ০.৪ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালু হওয়ার কথা ছিল। তবে সেই সিদ্ধান্ত আপাতত পিছিয়ে দেওয়ার পথে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, চলতি উৎসবের মরশুমের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হচ্ছে।
প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, ২ হাজার টাকার বেশি নির্দিষ্ট ব্যবসায়িক ইউপিআই লেনদেনে ০.৪ শতাংশ এমডিআর দিতে হবে। এই টাকা মূলত ব্যবসায়ীদের লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সাধারণ ব্যক্তি থেকে ব্যক্তির ইউপিআই লেনদেনে এই চার্জ থাকবে না। নতুন নিয়মের খবর প্রকাশ্যে আসার পর থেকেই ব্যবসায়ী মহলে উদ্বেগ তৈরি হয়েছিল। উৎসবের সময়ে ইউপিআইয়ের মাধ্যমে কেনাকাটা ও টাকা মেটানোর পরিমাণ অনেকটাই বেড়ে যায়। সেই সময় নতুন চার্জ চালু হলে ব্যবসা ও ডিজিটাল লেনদেনে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের মধ্যে এই নিয়ে আপত্তি দেখা গিয়েছে। কোথাও অনলাইন পেমেন্ট নিতে অনীহা প্রকাশ করা হয়েছে, আবার কোথাও অনলাইন পেমেন্টের ক্ষেত্রে অতিরিক্ত টাকা নেওয়ার কথা জানানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এই পরিস্থিতিতে ১৫ অক্টোবর থেকে এমডিআর (MDA) চালু করার সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ার কথা ভাবছে কেন্দ্র বলে খবর। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নতুন নিয়ম আগামী বছরের জানুয়ারি থেকে চালু করা হতে পারে। উৎসবের মরসুম শেষ হওয়ার পর নিয়ম কার্যকর করলে ব্যবসায়ীদের প্রস্তুতির জন্যও কিছুটা সময় মিলবে। তবে কেন্দ্রের তরফে এখনও চূড়ান্ত সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। ফলে ১৫ অক্টোবর থেকে ২ হাজার টাকার বেশি ইউপিআই লেনদেনে ০.৪ শতাংশ এমডিআর আদৌ চালু হবে কি না, নাকি তা আগামী বছর পর্যন্ত পিছিয়ে দেওয়া হবে—সেদিকেই এখন নজর।















