গুরুগ্রামের তাউ দেবীলাল স্টেডিয়াম—যেখানে প্রতিদিন রাজ্যস্তরের শতাধিক অ্যাথলিটের অনুশীলন চলে সেখানেই ট্র্যাক চারদিন বন্ধ। কারণ, স্টেডিয়ামের মাঠে দাঁড়িয়ে ছিল হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনির সরকারি হেলিকপ্টার। তিনদিনের সিঙ্গাপুর সফর শেষে বুধবার ওই চপারেই চণ্ডীগড়ে ফেরেন মুখ্যমন্ত্রী। এরপরই অ্যাথলিটদের জন্য খুলে দেওয়া হয় ট্র্যাক। কিন্তু এর মধ্যেই উঠেছে প্রশ্ন—VIP ব্যবহারের জন্য কি বারবার থমকে যাবে খেলোয়াড়দের অনুশীলন? অ্যাথলিটদের অভিযোগ, স্টেডিয়ামে হেলিকপ্টার থাকলে নিরাপত্তার কারণে শুধু সিন্থেটিক গ্রাউন্ড নয়, রানিং ট্র্যাকেও প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। ফলে প্রতিযোগিতার প্রস্তুতি ব্যাহত হয়। খেলোয়াড়দের দাবি, প্রতিযোগিতার আগে এক-দু’দিন অনুশীলন বন্ধ থাকাও তাঁদের পারফরম্যান্সে বড় প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন: দুষ্কৃতী হামলা নয়, বন্ধুর বাড়িতেই বন্দুকের গুলি! খড়্গপুরে স্কুলছাত্র জখমের ঘটনায় চাঞ্চল্যকর মোড়

হেলিকপ্টারের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় ‘VIP কালচার’ নিয়ে সমালোচনা। অভিভাবকদের প্রশ্ন, দূরদূরান্ত থেকে সন্তানদের নিয়ে এসে যদি ট্র্যাকই বন্ধ পাওয়া যায়, তাহলে প্রস্তুতি চলবে কীভাবে? কোচদের একাংশেরও দাবি, হেলিকপ্টার রাখার জন্য স্টেডিয়ামের বদলে প্রশাসনের উচিত আলাদা জায়গা নির্দিষ্ট করা। কারণ, স্টেডিয়াম তৈরি হয়েছে মূলত খেলাধুলা ও প্রশিক্ষণের জন্য। অভিযোগ, ঘটনাটি একেবারেই নতুন নয়। প্রায় প্রতি মাসেই এক-দু’দিন স্টেডিয়ামে চপার দাঁড় করানো হয়। ২০২০ সালের মার্চেও তৎকালীন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের হেলিকপ্টার নামানোর জন্য প্রশিক্ষণের মাঝেই ক্রিকেট মাঠ খালি করানো হয়েছিল। তখন স্টেডিয়াম কর্তৃপক্ষ আলাদা হেলিপ্যাডের দাবিও জানিয়েছিল। কিন্তু ২০২২ সালে গ্লোবাল সিটিতে প্রায় ২৫ একর জমি একটি ইন্টিগ্রেটেড হেলি হাব তৈরির জন্য কেন্দ্রের হাতে তুলে দেওয়া হয়। হেলিপোর্ট, হ্যাঙ্গার এবং রক্ষণাবেক্ষণের পরিকাঠামো তৈরির পরিকল্পনা থাকলেও এখনও শুরু হয়নি নির্মাণকাজ।

আরও পড়ুন: মৃত্যুশোককেও ছাপিয়ে গেল ক্ষোভ! ‘শয়তানের মৃত্যু’ বলে তীব্র কটাক্ষ তনুশ্রীর

যদিও মুখ্যমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা রাজীব জেটলির দাবি, চপারটি ইচ্ছাকৃতভাবে চারদিন স্টেডিয়ামে রাখা হয়নি। যান্ত্রিক ত্রুটির কারণে সেটি উড়তে পারেনি, তাই স্টেডিয়ামে রাখতে হয়েছিল। স্বাভাবিক পরিস্থিতিতে স্টেডিয়ামে নামার পর আধ ঘণ্টার মধ্যেই হেলিকপ্টার উড়ে যায়। তবে সেই ব্যাখ্যাও বিতর্ক থামাতে পারেনি। প্রশ্ন একটাই—VIP-এর চপার আগে, নাকি অ্যাথলিটদের ট্র্যাক? খেলাধুলার মাঠে ‘VIP কালচার’-এর শেষ কোথায়?