চড়-কাণ্ডে এবার চাপে দিল্লির PWD মন্ত্রী প্রবেশ সাহিব সিং বর্মা! দিল্লিতে তাঁর রাস্তা পরিদর্শন ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। অভিযোগ, তিলকনগরে রাস্তার গুণমান নিয়ে প্রশ্ন তোলায় এক যুবককে চড় মারেন দিল্লির PWD মন্ত্রী প্রবেশ সাহিব সিং বর্মা। সেই অভিযোগের ভিত্তিতেই এবার মন্ত্রীর বিরুদ্ধে নন-কগনিজেবল রিপোর্ট বা NCR দায়ের করল দিল্লি পুলিশ। অভিযোগকারী সাহেব সিংয়ের দাবি, তিনি গোটা ঘটনা মোবাইলে রেকর্ড করছিলেন। সেই সময় তাঁর ফোন সরিয়ে দিয়ে তাঁকে চড় মারা হয়। ভারতীয় ন্যায় সংহিতার ১১৫ নম্বর ধারায় স্বেচ্ছায় আঘাত করার অভিযোগে NCR করা হয়েছে। তবে NCR মানেই সরাসরি তদন্ত শুরু নয়। তদন্তের জন্য প্রয়োজন ম্যাজিস্ট্রেটের অনুমতি, আর FIR-এর মতো NCR-এর ভিত্তিতে সরাসরি গ্রেফতারও করা যায় না।

আরও পড়ুন: দুর্গাপুজোর ভুয়ো পাস বিক্রির অভিযোগে ইন্দ্রনীলের বাড়িতে ED হানা!

দিল্লির আউটার রিং রোডে রাস্তা মেরামতির কাজ পরিদর্শনে গিয়েছিলেন প্রবেশ বর্মা। সেই সময় রাস্তার একটি অংশ হাত দিয়ে তুলে কাজের মান নিয়ে প্রশ্ন তোলেন তিলক নগরের AAP বিধায়ক জার্নেল সিং। অভিযোগ, ঘটনার সময় সাহিব সিং সেখানে উপস্থিত ছিলেন এবং ভিডিয়ো করছিলেন। এরপরই প্রবেশ বর্মার সঙ্গে তাঁর বচসা ও চড় মারার অভিযোগ সামনে আসে। রাস্তার বেহাল দশা দেখাতে সদ্য তৈরি রাস্তার অংশ হাত দিয়ে তুলে ধরেছিলেন তিলক নগরের AAP বিধায়ক জার্নেল সিং। তাঁর দাবি, সেই সময় ঘটনাস্থলে থাকা এক সহকর্মী পুরো ঘটনার ভিডিয়ো করছিলেন। অভিযোগ, রেকর্ডিং করতে দেখেই ক্ষুব্ধ হয়ে ওই ব্যক্তিকে চড় মারেন দিল্লির BJP মন্ত্রী প্রবেশ বর্মা। জার্নেল সিংয়ের দাবি, রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ দেখানোর জন্য প্রবেশ বর্মাই তাঁকে ফোন করে ঘটনাস্থলে আসতে বলেছিলেন। এরপর তিনি রাস্তার পিচের অংশ তুলে মন্ত্রীর সামনে সমস্যাটি তুলে ধরেন। বিধায়কের অভিযোগ, বিষয়টি দেখে প্রবেশ বর্মা উত্তেজিত হয়ে পড়েন এবং যিনি ভিডিয়ো করছিলেন সেই সহকর্মীর গায়ে হাত তোলেন।