কখনও পুজোর ভিড়, কখনও মেলা, আবার কখনও পরীক্ষা বা বড় কোনও অনুষ্ঠান। যে কোনও কারণেই মুহূর্তের মধ্যে বদলে যেতে পারে রেল স্টেশনের পরিস্থিতি। সেই বাড়তি চাপ সামলাতেই এবার আগেভাগে প্রস্তুতি নিতে চাইছে রেল সুরক্ষা বাহিনী (RPF)। তার জন্য চালু হচ্ছে বিশেষ ডিজিটাল রেজিস্টার, ‘DS-12 E-Forecasting Register for High-Footfall Events’ বা EFRR।

আরও পড়ুন: এবার হাওড়াতেও মিড-ডে মিলের দায়িত্বে ইসকন, ক্লাস এইট থেকেই 'সারথি': ঘোষণা মুখ্যমন্ত্রীর

এই ব্যবস্থার মূল লক্ষ্য, কোনও অনুষ্ঠানকে ঘিরে কোন স্টেশনে কখন অস্বাভাবিক ভিড় তৈরি হতে পারে, সেই তথ্য আগে থেকেই RPF-এর হাতে রাখা। অর্থাৎ ভিড় তৈরি হওয়ার পর ব্যবস্থা নেওয়ার বদলে, সম্ভাব্য পরিস্থিতির কথা মাথায় রেখে আগে থেকেই বাহিনী ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা তৈরি রাখা হবে।

আরও পড়ুন: হলফনামা নিয়ে কংগ্রেসের আপত্তি খারিজ, হাইকোর্টে স্বস্তিতে বিজেপি প্রার্থী হাসিরানি

দুর্গাপুজো, হোলি, দীপাবলি, ছটপুজো বা বড়দিনের মতো উৎসব তো থাকছেই। পাশাপাশি অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান, মেলা, পরীক্ষা, রাজনৈতিক সভা, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা বড় কোনও সামাজিক জমায়েতের তথ্যও এই ব্যবস্থায় নথিভুক্ত করা হবে। এমনকী কোনও নির্দিষ্ট সময়ে পর্যটকের সংখ্যা বাড়ার সম্ভাবনা থাকলেও সেটিকে বিবেচনায় রাখা হবে।

ধরা যাক, কোনও স্টেশনের কাছাকাছি বড় মেলা বা অনুষ্ঠান রয়েছে। সেই কারণে নির্দিষ্ট দিনে সেখানে স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি যাত্রী আসতে পারেন। EFRR-এর মাধ্যমে সেই সম্ভাব্য ভিড়ের তথ্য আগেই জানা গেলে সংশ্লিষ্ট স্টেশনে অতিরিক্ত RPF মোতায়েন, যাত্রীদের প্রবেশ ও বেরোনোর ব্যবস্থা নিয়ন্ত্রণ এবং প্রয়োজন হলে রাজ্য পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ হবে।

তবে শেষ মুহূর্তে নির্ধারিত হওয়ার অনুষ্ঠানের জন্যও থাকছে ব্যবস্থা। নির্দিষ্ট তারিখের উৎসবের ক্ষেত্রে ৬০ দিন বা তারও আগে তথ্য নথিভুক্ত করা যাবে। মেলা, পরীক্ষা, রাজনৈতিক বা সাংস্কৃতিক কর্মসূচির মতো অনুষ্ঠানের ক্ষেত্রে সম্ভব হলে অন্তত তিন সপ্তাহ আগে তথ্য সংগ্রহের চেষ্টা করতে বলা হয়েছে। আর কোনও কর্মসূচি যদি একেবারে শেষ মুহূর্তে ঘোষণা হয়, নির্ভরযোগ্য খবর পাওয়ার পরই তা রেজিস্টারে যুক্ত করতে হবে।

এই তথ্য সংগ্রহের কাজে RPF-এর Special Intelligence Branch বা SIB-কে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট এলাকার কোন কোন অনুষ্ঠানে বড় জমায়েত হতে পারে, সেই বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই তা ডিজিটাল রেজিস্টারে তোলার কথা বলা হয়েছে।

শুধু আগাম অনুষ্ঠানের তালিকা তৈরি করেই এই ডিজিটাল ব্যবস্থা থেমে থাকবে না। কোন পরিস্থিতিতে কী পদক্ষেপ নেওয়া হল এবং অনুষ্ঠান শেষ হওয়ার পর পরিস্থিতি কেমন ছিল, সেই তথ্যও সংরক্ষণ করা হবে। ফলে ভবিষ্যতে একই ধরনের অনুষ্ঠানে প্রস্তুতি নেওয়ার সময় আগের তথ্যও কাজে লাগানো হবে।

অর্থাৎ, উৎসবের ভিড় স্টেশনে পৌঁছনোর আগেই সেই ভিড়ের সম্ভাব্য ছবি হাতে রাখতে চাইছে RPF। তথ্যভিত্তিক পূর্বাভাসের উপর নির্ভর করে বাহিনী মোতায়েন থেকে শুরু করে যাত্রী নিয়ন্ত্রণ, সবকিছু আরও পরিকল্পিতভাবে করার লক্ষ্যেই এই নতুন ডিজিটাল ব্যবস্থা।