নির্বাচনী হলফনামায় তথ্যের গরমিলের মামলা থেকে স্বস্তি পেলেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ (Hasirani Rath)। তাঁর হলফনামা নিয়ে কংগ্রেসের (Congress) এক নেতার দায়ের করা মামলা মঙ্গলবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি কৃষ্ণা রাও (Krishna Rao) এই মামলাটি খারিজ করেছেন।
আরও পড়ুন: কোথায় কত দামে মিলছে পেট্রোল ডিজেল দেখে নিন এক নজরে
নন্দীগ্রাম (Nandigram) বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন হাসিরানি রথ। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের মা তিনি। প্রার্থী হিসেবে হাসিরানি যে হলফনামা নির্বাচন কমিশনে জমা দিয়েছিলেন, সেই নথির তথ্য নিয়েই আপত্তি তোলে প্রদেশ কংগ্রেস।
আরও পড়ুন: মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ওঠা অভিযোগের দ্রুত শুনানিতে সম্মত সুপ্রিম কোর্ট
মামলাকারীর বক্তব্য ছিল, হাসিরানির বয়স সংক্রান্ত তথ্যের সঙ্গে তাঁর শিক্ষাগত যোগ্যতার উল্লেখ মেলানো যাচ্ছে না। হলফনামায় জন্মসাল ১৯৬৬ উল্লেখ করা হলেও মাধ্যমিক পাশের বছর হিসেবে দেওয়া হয়েছে ১৯৬৫। ফলে একজনের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে জন্মের আগের বছর মাধ্যমিক পাশের তথ্য কীভাবে থাকতে পারে, তা নিয়েই প্রশ্ন তোলা হয়।
তবে আদালতে হাসিরানি রথের পক্ষ থেকে জানানো হয়, এই ভুল ইচ্ছাকৃত নয়। হলফনামায় তথ্য লেখার সময় অনিচ্ছাকৃতভাবে এই ভুল হয়েছে। পাশাপাশি, প্রার্থী পদ যাচাইয়ের সময় অর্থাৎ স্ক্রুটিনির পর্বে এই বিষয়ে কোনও আপত্তি জানানো হয়নি বলেও আদালতে দাবি করা হয়।
নির্বাচন কমিশনের পক্ষ থেকেও একই যুক্তি তুলে ধরা হয়। কমিশনের আইনজীবী জানান, নির্ধারিত স্ক্রুটিনির সময় প্রার্থীর মনোনয়ন বা হলফনামা নিয়ে আপত্তি জানানো হলে তা বিবেচনার সুযোগ থাকে। কিন্তু সেই সময় পেরিয়ে যাওয়ার পরে এ ধরনের প্রশ্ন তোলার আইনি অধিকার মামলাকারীর রয়েছে কি না, তা নিয়েও আদালতের সামনে যুক্তি দেওয়া হয়। কমিশনের বক্তব্য ছিল, বিষয়টি যদি জনস্বার্থ মামলার মাধ্যমে আসত, তা হলে পরিস্থিতি ভিন্ন হতে পারত।
গত ২৫ সেপ্টেম্বর এই মামলার শুনানি শেষ হয়েছিল। এরপর রায় ঘোষণা স্থগিত রেখেছিল আদালত। মঙ্গলবার সেই মামলাতেই রায় ঘোষণা করে হাইকোর্ট।
















