যন্তর মন্তরে নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস ইস্যুতে শান্তিপূর্ণ বিক্ষোভ চলছিল। কেন্দ্রীয় সরকার ছাত্রছাত্রীদের কথা শোনার বদলে তাঁদের উপর পাশবিক বলপ্রয়োগ করেছে বলে অভিযোগ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কেন শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ? কেন কাঁদানে গ্যাস প্রয়োগ করা হল? কার নির্দেশে পেলেট গান ব্যবহার করা হল? এই সমস্ত প্রশ্নের জবাব চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন রাহুল।
আরও পড়ুন: সংশোধনী বিল এনে ঘুরপথে পঞ্চায়েত দখলের চেষ্টা বিজেপির, বিস্ফোরক অভিযোগ কুণালের
রাহুলের অভিযোগ, পুলিশকর্মীরা ছাত্রীদের উপর হামলা চালিয়েছেন এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের গোপনাঙ্গেও আঘাত করেছেন। পড়ুয়াদের কাঁদানে গ্যাস এবং মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর ফলে কয়েকশো পড়ুয়া গুরুতর আহত হয়েছেন। স্বচ্ছ শিক্ষাব্যবস্থার দাবিতে পড়ুয়ারা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবেই আন্দোলন করছিলেন। কিন্তু গত ২০ জুলাই পুলিশ তাঁদের উপর যে অমানবিক হামলা চালিয়েছে, তা অনুচিত। এমনকি আন্দোলন দমাতে পেলেট গান বা ছররা বন্দুকের ব্যবহার।
শাহের কাছে রাহুলের প্রশ্ন হল, ছাত্রছাত্রীদের উপর পেলেট গানের মতো মারণাস্ত্র ব্যবহারের অনুমতি কি স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছিলেন? যদি তিনি না দিয়ে থাকেন, তবে কার নির্দেশে এই হামলা? ভাইরাল একটি ভিডিওতে দেখা গিয়েছে সাদা পোশাকের কিছু লোক লাঠি হাতে ছাত্রছাত্রীদের ব্যাপক মারধর করছে, এরা কারা? এরা পুলিশ, নাকি কোনও বিশেষ স্বেচ্ছাসেবক? এদের মোতায়েন করার অনুমতিই কে দিয়েছে?
















