টেলিভিশন বিতর্কে যাকে কংগ্রেস শিবিরকে একের পর এক তোপ দাগতে দেখা যেত, আচমকাই সেই বিজেপি নেতা তথা জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালাকে ঘিরে জোরালো হয়েছে দলত্যাগের জল্পনা। জানা গিয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে গেরুয়া শিবির ও দলের জাতীয় মুখপাত্রের পদ থেকে সরে দাঁড়াতে চলেছেন শেহজাদ।

আরও পড়ুন: ফের নবান্নে প্রসেনজিৎ! কারণ ঘিরে জোর জল্পনা

শুক্রবার দিনভর রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রবিন্দুতে শেহজাদ। কারণ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ নিজের বায়োডেটা সম্পূর্ণ বদলে ফেলেন তিনি। তাঁর নতুন বায়ো থেকে পুরোপুরি মুছে ফেলা হয়েছে বিজেপির জাতীয় মুখপাত্রের উল্লেখ। পরিবর্তে তিনি লিখেছেন, "ধর্ম- ইসলাম, সংস্কার-হিন্দু, আদর্শ-ভারতীয়, লেখক- 'GST কি যাত্রা' এবং নরেন্দ্র মোদির লাইফ লং অনুগামী।" সাম্প্রতিক অতীতে তাঁর করা কিছু পুরনো সাক্ষাৎকারের ক্লিপও তিনি পুনরায় শেয়ার করেছেন, যেখানে তাঁকে সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিতে শোনা গিয়েছিল।

আরও পড়ুন: দিল্লিতে অঙ্কিতের নৃশংস খুনে সাজা ঘোষণা, প্রাক্তন আপ নেতা তাহির-সহ ৫জনের যাবজ্জীবন কারাবাস

পেশায় আইনজীবী শেহজাদের রাজনৈতিক জীবনের সূচনা হয়েছিল কংগ্রেস হাত ধরেই। তবে ২০১৭ সালে কংগ্রেসের অভ্যন্তরীণ নির্বাচন প্রক্রিয়া ও রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সেই সময় কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে তিনি লাইমলাইটে আসেন। পরবর্তীতে তাঁকে সাদরে নিজেদের দলে টেনে নেয় বিজেপি এবং জাতীয় মুখপাত্রের দায়িত্ব সঁপে দেয়। বিগত কয়েক বছর ধরে পদ্ম শিবিরের অন্যতম চেনা মুখ হিসেবে টিভি ডিবেট ও সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসকে আক্রমণ করায় অগ্রণী ভূমিকা পালন করে এসেছেন তিনি।