বর্ষার শেষবেলায় বদল উত্তর ভারতের আবহাওয়া। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু যখন ধীরে ধীরে বিদায়ের পথে, ঠিক সেই সময়ই জম্মু-কাশ্মীর (Jammu-Kashmir) এবং হিমাচল প্রদেশের (Himachal Pradesh) উঁচু পার্বত্য এলাকায় দেখা মিলল মরশুমের প্রথম তুষারপাত (First Snowfall)। বৃষ্টি ও তুষারপাতের দাপটে রাতারাতি পার্বত্য অঞ্চলের তাপমাত্রাও বেশ খানিকটা কমেছে।
আরও পড়ুন: আগের থেকে অর্ধেকের কম ধান কিনবে নয়া রাজ্য সরকার! চিন্তায় কৃষকরা
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার শীতের সাদা চাদরে মোড়া গুলমার্গের ছবি সামনে আসে। রাতের দিকে কাশ্মীরের (Kashmir) এই জনপ্রিয় পর্যটনকেন্দ্রের উচ্চ অংশে তুষারপাত হয়। আফারওয়াত পর্বত এবং গুলমার্গ গন্ডোলার দ্বিতীয় পর্যায়ের আশপাশে বরফের আস্তরণ পড়েছে। পাহাড়ের ঢালগুলিতে পাতলা বরফ জমে যাওয়ায় বর্ষার মরশুমেই যেন শীতের চেহারা নিয়েছে গুলমার্গ।
উত্তর কাশ্মীরের অন্য উচ্চ পার্বত্য এলাকাতেও একই পরিস্থিতি। বান্দিপোরা জেলার গুরেজের তুলাইল উপত্যকা এবং কাবুলি গলিতে তুষারপাত হয়েছে বলে খবর। জম্মু-কাশ্মীরের আরও কয়েকটি উঁচু এলাকায় হালকা তুষারপাতের খবর পাওয়া গিয়েছে। তবে শুধু পাহাড় নয়, কাশ্মীর উপত্যকার নিচু এলাকাতেও আবহাওয়ার পরিবর্তন স্পষ্ট। শ্রীনগর-সহ একাধিক এলাকায় রাতভর বৃষ্টি হয়েছে। আগামী বেশ কয়েকদিন জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
কাশ্মীরের পাশাপাশি হিমাচল প্রদেশেও একই ছবি। রাজ্যের উচ্চ পার্বত্য এলাকায় বৃহস্পতিবার হালকা তুষারপাত হয়েছে। কুলু জেলার রোটাং পাসে বরফ পড়েছে। অন্যদিকে শিমলা-সহ একাধিক এলাকায় হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। ফলে সেখানে তাপমাত্রাও দ্রুত কমেছে। আবহাওয়ার এই বদলের নেপথ্যে রয়েছে ঋতু পরিবর্তনের স্বাভাবিক প্রক্রিয়া। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতিমধ্যেই দুর্বল হতে শুরু করেছে। উত্তর-পশ্চিম ভারত থেকে বর্ষার বিদায়ের মতো পরিস্থিতিও তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের ইঙ্গিত, ১৯ সেপ্টেম্বরের আশপাশে পশ্চিম রাজস্থানের কিছু অংশ থেকে বর্ষার আনুষ্ঠানিক বিদায়পর্ব শুরু হতে পারে। বর্ষার বিদায় যত এগোবে, উত্তর ভারতের আবহাওয়াতেও তত পরিবর্তন দেখা যাবে। তারই প্রাথমিক ইঙ্গিত মিলেছে হিমালয়ের উঁচু এলাকায়। পর্যটনকেন্দ্রগুলিতে বরফের সাদা আস্তরণ যেমন বাড়তি আকর্ষণ তৈরি করেছে, তেমনই দ্রুত বদলে যাওয়া আবহাওয়া নজরে রেখেছেন আবহাওয়াবিদরাও।
















