পথ দেখাল NALSAR! এবার NLSIU'র পড়ুয়া-প্রাক্তনীরা প্রধান বিচারপতিকে সমাবর্তনে আমন্ত্রণ জানানোয় আপত্তি তুলল। ন্যাশনাল অ্যাকাডেমি অফ লিগ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের পড়ুয়ারা আগেই প্রধান বিচারপতির উপস্থিতি নিয়ে আপত্তি জানিয়েছিল। এবার একই পথে হাঁটল ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটির পড়ুয়া ও প্রাক্তনীদের একাংশ। নিজেদের সমাবর্তন অনুষ্ঠানে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান মনন কুমার মিশ্রকে আমন্ত্রণ জানানোর বিরোধিতা করল NLSIU-র পড়ুয়া ও প্রাক্তনীরা।
আরও পড়ুন: CJP সদস্যের বাবাকে হত্যার ঘটনায় মৃতের ছেলেকে ফোন মমতার
ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটি (NLSIU)-এর বর্তমান ও প্রাক্তন পড়ুয়াদের একটি চিঠি প্রকাশ্যে এসেছে যেখানে হায়দরাবাদের NALSAR-এর পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে তাঁদের প্রতি ‘নিঃশর্ত সংহতি’ জানিয়েছেন তাঁরা। শুধু তাই নয়, বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যানের জারি করা সেই নির্দেশিকার তীব্র সমালোচনা করা হয়েছে। ওই নির্দেশিকা প্রত্যাহার করে নেওয়া হলেও বিতর্ক একেবারেই শেষ হয়নি। এবার নিজেদের সমাবর্তন অনুষ্ঠানে প্রধান বিচারপতিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েও আপত্তি জানানো হয়েছে। পড়ুয়ারা নিজেদের অবস্থান স্পষ্ট করে দাবি জানিয়েছে বিষয়টি শুধু সমাবর্তনের মঞ্চে অতিথি হিসেবে কে থাকবেন,সেটা নিয়ে নয়। ভয় বা কোনও ধরনের নেতিবাচক পরিণতির চিন্তা ছাড়াই মতপ্রকাশের স্বাধীনতা বজায় রাখা এখন প্রশ্নের মুখে।
উল্লেখ্য, হায়দরাবাদের ন্যাশনাল অ্যাকাডেমি অফ লিগাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটি (NALSAR)-র সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে প্রধান বিচারপতি সূর্য কান্তকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তাঁর করা ‘ককরোচ’ মন্তব্যকে কেন্দ্র করে পড়ুয়াদের একাংশ সেই আমন্ত্রণের বিরোধিতা করেন। ফলে পড়ুয়াদের বিরুদ্ধে কড়া অবস্থান নেয় বার কাউন্সিল অফ ইন্ডিয়া। নির্দেশিকা জারি করে জানানো হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত NALSAR-এর ২০২৬-এর কোনও স্নাতককে দেশের কোনও রাজ্যের বার কাউন্সিলে আইনজীবী হিসেবে নথিভুক্ত করা হবে না। তবে সেই নির্দেশিকা কয়েক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার করা হয় এবং ক্ষমা চান বিসিআই চেয়ারম্যান মননকুমার মিশ্র।
















