যুদ্ধের ময়দানে বদলে যাচ্ছে লড়াইয়ের ধরন। সেই বদলের সঙ্গে তাল মিলিয়ে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থাতেও যুক্ত হচ্ছে একের পর এক দেশীয় প্রযুক্তি। এবার সেই তালিকায় বড় সংযোজন ‘কাল’ (Kal)। রাজস্থানের পোখরানে (Pokhran) দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোনের (Drone) সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। দীর্ঘপথ পাড়ি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা রয়েছে এই ড্রোনের।
আরও পড়ুন: পুজোর অনুদান সরাসরি কমিটির ব্যাঙ্কে! নয়া নিয়মে বিপাকে বহু উদ্যোক্তা
প্রতিরক্ষা ক্ষেত্রে ড্রোনের ব্যবহার গত কয়েক বছরে অনেকটাই বেড়েছে। নজরদারি থেকে শুরু করে সরাসরি হামলা, বিভিন্ন ধরনের সামরিক অভিযানে ড্রোন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে ‘কাল’। একবার উড়লে প্রায় ১ হাজার কিলোমিটার পর্যন্ত যেতে পারে এই ড্রোন। প্রায় ৫০ কেজি পর্যন্ত পেলোড বহনের সক্ষমতাও রয়েছে। টানা ৭ থেকে ৮ ঘণ্টা আকাশে থাকতে পারে এটি।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫ হাজার মিটার উচ্চতায় উড়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম 'কাল'। এর নেভিগেশন ব্যবস্থাতেও রয়েছে আধুনিক প্রযুক্তি। মাল্টি-ব্যান্ড জিএনএসএসের পাশাপাশি ইনর্শিয়াল নেভিগেশন সিস্টেম ব্যবহার করা হয়েছে। ফলে দীর্ঘপথে নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রযুক্তিগত সুবিধা পাবে ড্রোনটি।
আরও পড়ুন: পুজোর আগেই পাহাড়ে খুশির খবর! সিকিমের চিড়িয়াখানায় জন্ম নিল ৬টি খুদে রেড পান্ডা
মূলত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলার জন্যই ‘কাল’-কে তৈরি করা হয়েছে। শত্রুপক্ষের রাডার, এয়ার ডিফেন্স ব্যবস্থা এবং অন্যান্য সামরিক স্থাপনায় আঘাত হানার কাজে এই ড্রোন ব্যবহার করা যেতে পারে।
প্রতিরক্ষা ক্ষেত্রে বিদেশি প্রযুক্তির উপর নির্ভরতা কমিয়ে দেশীয় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর যে লক্ষ্য নেওয়া হয়েছে, ‘কাল’-এর সফল পরীক্ষা সেই পথেই আরও এক ধাপ এগোনোর ইঙ্গিত। পরীক্ষার পর এবার ড্রোনটির পরবর্তী পর্যায়ের উন্নয়ন এবং সেনাবাহিনীতে অন্তর্ভুক্তির দিকেই নজর সকলের।
















