পুজোর আগেই পাহাড়ে খুশির খবর! সিকিমের হিমালয়ান জুলজিক্যাল পার্কে (Himalayan Zoological Park) জন্ম নিল ৬টি বিরল প্রজাতির রেড পান্ডা শাবক। বছরের অন্যতম সেরা এই প্রজনন মরশুমে একসঙ্গে এতগুলি লাল পান্ডার জন্ম বন্যপ্রাণী প্রেমী এবং চিড়িয়াখানা কর্তৃপক্ষের মুখে চওড়া হাসি ফুটিয়েছে।

আরও পড়ুন: স্কুলের করিডরে শিক্ষিকাকে গুলি, পড়ুয়াদের সামনেই মৃত্যু! পরে আত্মঘাতী অভিযুক্ত

গ্যাংটকের বুলবুলেতে (Bulbuley) অবস্থিত এই চিড়িয়াখানায় গত জুন ও জুলাই মাস জুড়ে তিনটি প্রজননক্ষম জোড়ার মিলনে এই ছ’টি শাবক ভূমিষ্ঠ হয়। চিড়িয়াখানার অধিকর্তা সাঙ্গে গিয়াতসো ভুটিয়া জানিয়েছেন, ৬টি শাবকের মধ্যে আপাতত ৫টি শাবক সম্পূর্ণ সুস্থ ও জীবিত রয়েছে। একটি শাবক অতিরিক্ত বৃষ্টির কারণে বাসস্থানের স্যাঁতসেঁতে পরিস্থিতির জন্য মারা গেছে। ১৯৯৭ সালে শুরু হওয়া এই ‘রেড পান্ডা সংরক্ষণ ও প্রজনন কর্মসূচি’-তে এই ঘটনা এক নতুন ইতিহাস তৈরি করল।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে দুর্যোগের ভ্রুকুটি, মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা

চিড়িয়াখানা সূত্রের খবর, জন্মের পর প্রথম দু-তিন মাস এই শাবকদের বেঁচে থাকার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও সংকটজনক সময়। সেই কারণে ক্যানাইন ডিসটেম্পারের মতো মারণ রোগের প্রকোপ এড়াতে এবং নবজাতকদের সুরক্ষায় তাঁদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। সিসিটিভি ক্যামেরা এবং বিশেষজ্ঞ পশু চিকিৎসকদের একটি দল দিনরাত এদের ওপর কড়া নজর রাখছেন। সাধারণ মানুষের দেখার জন্য এখনই এদের খাঁচায় আনা হবে না, আরও কিছুদিন মায়ের যত্নেই আড়ালে রাখা হবে। 

আরও পড়ুন: স্পোর্টস কোটা নিয়োগে অন্ধ্রপ্রদেশে ধুন্ধুমার! মুখোমুখি শাসক-বিরোধী, উঠল ভুয়ো সার্টিফিকেটের অভিযোগ

আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘ (IUCN)-এর লাল তালিকায় থাকা এই বিপন্ন প্রাণীটির বংশবৃদ্ধির খবর উত্তর-পূর্ব ভারতের পর্যটনেও বাড়তি উদ্দীপনা যোগ করবে। উৎসবের মরশুমে পাহাড়ে বেড়াতে যাওয়া পর্যটকদের কাছে এটি অত্যন্ত আনন্দের সংবাদ। রেড পান্ডার পাশাপাশি এই মরশুমে চিড়িয়াখানায় দুটি হিমালয়ান ব্ল্যাক বিয়ার বা কালো ভাল্লুক এবং চারটি হিমালয়ান গোরাল অর্থাৎ পাহাড়ি ছাগল শাবকেরও জন্ম হয়েছে।