‘সোলো ট্রিপ’ বা একলা ভ্রমণ গত কয়েক বছর ধরে বেশ জনপ্রিয় । নিজের সঙ্গে সময় কাটাতে, বলা ভালো, নিজের সম্পূর্ণ স্বাধীনতায় কোনও জায়গা ভ্রমণে অনেকেই একলা ভ্রমণ বেশি পছন্দ করছেন। আর এবার সেই 'সোলো ট্রিপে' গিয়ে গ্রেফতারির মুখে পড়তে হল এক মহিলাকে। তিনি একা বেড়াতে গিয়েছিলেন আফগানিস্তানে। আর সেখানে গিয়েই  গ্রেফতার হলেন তিনি। তাতেই আরও একবার প্রকাশ্যে আসল তালিবান আছে তালিবানেই। আফগানিস্তান  ( Afghanistan) সফরে গিয়েছেন কেরলমের জনপ্রিয় ভ্লগার ( Kerala Vlogger) অরুণিমা। বামিয়ান শহরে একা ভ্রমণ করার কারণে গ্রেফতার করেছেন ‘মুজাহিদিন’রা।  স্বাভাবিকভাবেই বিদেশে একা ভ্রমণে গিয়ে আতঙ্কিত হয়ে পড়েন অরুণিমা (Arunima)। সামাজিক মাধ্যমে সাহায্যের আর্জিও জানা তিনি। যা ঘিরে রীতিমতো শোরগোল পড়ে যায়।  

আরও পড়ুন: সহজে হার মানব না: গুরুগ্রামে অভিযুক্তকে বাইকার সিয়ার কড়া হুঁশিয়ারি

বেশকিছুদিন ধরে ‘ব্যাকপ্যাকার অরুণিমা’ (Backpacker Arunima ) নামে সমাজমাধ্যমে অরুণিমা আফগানিস্তান সফরের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিয়োও পোস্ট করছিলেন। সোমবার একটি পোস্টে অরুণিমা জানান, বামিয়ানে এসে তিনি সমস্যায় পড়েছেন। বামিয়ানে তাঁকে হঠাৎ তালিবান সদস্যরা আটকে দেয়। তারপরেই তাঁকে গ্রেফতার করে ‘মুজাহিদিন’ রা। তিনি যাতে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন সে বিষয়ে সাহায্যের আর্জি জানিয়েছেন। তবে প্রায় তিন ঘণ্টা পর ফের একটি পোস্ট দিয়ে অরুণিমা জানান তিনি সুস্থ ও মুক্ত আছেন। 


পরবর্তী পোস্টে অবশ্য গোটা ঘটনার বিস্তারিত বিবরণ দেন অরুণিমা। তাঁর দাবি, বামিয়ানে পৌঁছে স্থানীয় সময় সন্ধ্যা সাতটা নাগাদ গাড়ি থেকে নামার পরই স্থানীয় কয়েকজন তাঁর কাছে ভিসা ও পাসপোর্ট দেখতে চান। তিনি নথিপত্র দেখানোর পর কোথায় থাকবেন, তা জানতে চাওয়া হয়। সেইসময় অরুণিমা জানান, তখনও থাকার জায়গা ঠিক করেননি, নিরাপদ কোনও জায়গা খুঁজে নেবেন বলে জানিয়েছিলেন। এরপরেই তাঁকে সেখান থেকে একা চলে যেতে দেওয়া হয়নি। অরুণিমার দাবি, তাঁকে জানানো হয় যে আফগানিস্তানের নিয়ম অনুযায়ী কোনও মহিলা একা ভ্রমণ করতে পারেন না। একা ভ্রমণ করায় তিনি নিয়ম ভেঙেছেন এবং তাঁকে গ্রেফতার করা হতে পারে। পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েন ওই ভ্লগার। ভাষাগত সমস্যা থাকায় অনুবাদের সাহায্য নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলার চেষ্টা করেন তিনি। পাশাপাশি অরুণিমা আরও জানান, ‘মুজাহিদিন’ রা তাঁর কাছে জরিমানার কথাও জানিয়েছিল। ভবিষ্যতে গাইডের সঙ্গে ভ্রমণ করার নির্দেশ দেওয়া হয়। শেষ পর্যন্ত জরিমানার বিষয়টি নিয়ে সমঝোতা হওয়ার পর তাঁকে পরবর্তী গন্তব্যে যাওয়ার অনুমতি দেওয়া হয়।


 অরুণিমা জানান, তিনি আপাতত আফগানিস্তান ছেড়ে উজবেকিস্তানের দিকে রওনা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই অভিজ্ঞতা নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন ওই ভ্লগার। তাঁর বক্তব্য, পুরুষ পর্যটকদের তুলনায় একা মহিলা হিসেবে আফগানিস্তানে ভ্রমণ করা অনেক বেশি কঠিন। নিরাপত্তার কথা মাথায় রেখে পুরো সফরে বোরখা বা পর্দা ব্যবহার করলেও বিভিন্ন জায়গায় তাঁকে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে বলে দাবি করেন তিনি। তবে অরুণিমা তাঁর বক্তব্যে এটিও জানিয়েছেন যে আফগানিস্তানের সব মানুষকে একই চোখে দেখা উচিত নয়। তিনি বলে স্থানীয় প্রশাসনের সিদ্ধান্ত এবং সাধারণ মানুষের আচরণ এক বিষয় নয়। অনেক সাধারণ মানুষই সহানুভূতিশীল ও সাহায্য করেছিলেন।

উল্লেখ্য, আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর থেকে প্রকাশ্যে আসছে মহিলাদের ওপর অত্যাচারের চিত্র। সেখানে প্রতিনিয়ত নারীদের মৌলিক অধিকার চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে । সেইসঙ্গে তাদের উপর  ভয়াবহ অত্যাচার চালানোর খবর সামনে আসছে। এই আবহেই এবার আফগানিস্তানে একা ভ্রমণে গিয়ে বিপাকে পড়লেন  কেরলম মহিলা ভ্লগার।