এবার মহারাষ্ট্রে একসঙ্গে নামী ১৩টি রেস্তোরাঁ বন্ধের নির্দেশ! নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে এই নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ প্রশাসন (FDA)-এর কমিশনার তুকারাম মুণ্ডে। কমিশনারের পদে দায়িত্ব নেওয়ার পরই তিনি ভেজাল কারবারিদের বিরুদ্ধে জোরদার অভিযান শুরু করেন। প্রথমদিকে বলিউড কিং শাহরুখ খানের রেস্তরাঁতেও নোটিশ পাঠিয়েছিলেন তিনি। এবার একসঙ্গে ১৩টি রেস্তোরাঁ বন্ধের পদক্ষেপে যেমন খাদ্য ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে, তেমনই তাঁর দীর্ঘ ট্রান্সফার রেকর্ডও ফের আলোচনায় এসেছে।
আরও পড়ুন: যাদবপুর-হামলার তদন্ত কমিটির চেয়ারম্যান পদ ছাড়লেন শুভশঙ্কর, নেপথ্যে কারণ কী
প্রায় ২১ বছরের চাকরিজীবনে ২৫ বার বদলি হয়েছেন তুকারাম মুণ্ডে। অনেকের মতে তিনি-ই হলেন বাস্তবের সিংঙ্ঘম। দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে একের পর এক দৃষ্টান্ত গড়েছেন তুকারাম। ২০২৬ সালে মহারাষ্ট্র FDA-এর কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। প্রায় ২ মাসের মধ্যে মহারাষ্ট্রজুড়ে ১,১০০-রও বেশি জায়গা নিজে ঘুরে দেখেন। এই সময় যার মধ্যে ভেজাল ১.৬ লক্ষ লিটার দুধ-সহ প্রায় ৫০ কোটি টাকার খাদ্যসামগ্রী বাজেয়াপ্ত করেন। স্থগিত করেন ৫৬টি রেস্তোরাঁর লাইসেন্স।
















