ওয়াইন শপে (Wine Shop) তখন আর পাঁচটা দিনের মতোই ভিড়। হঠাৎ দোকানের ভিতরে ঢুকে পড়ল এক 'মাদী' বাঁদর (Monkey)। ঝাড়খণ্ডের (Jharkhand) রাঁচির (Ranchi) ওরমাঞ্জি এলাকার ওই ঘটনায় মুহূর্তের মধ্যেই বদলে গেল গোটা দোকানের পরিস্থিতি। শুক্রবারের ঘটনায় প্রথমে বাঁদরটিকে দোকান থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন কর্মীরা। কিন্তু তাতেই ঘটে বিপত্তি। আচমকা দোকানের এক কর্মীকে কামড়ে দেয় বাঁদরটি। এরপর আর ঝুঁকি নেননি কেউ। কর্মীরা বাইরে বেরিয়ে আসতেই কার্যত গোটা দোকানের দখল নিয়ে নেয় বাঁদরটি।

আরও পড়ুন: দিল্লিতে 'INDIA' বৈঠকে যাবেন, রং বিভেদ ভুলে বিরোধী- ঐক্যের ডাক মমতার

এরপরই ঘটে যায় আরও অদ্ভুত কাণ্ড। দোকানের কাউন্টারে রাখা বিভিন্ন বোতলের মধ্যে থেকে একটি মদের বোতল হাতে তুলে নেয় সে। তারপর বোতল থেকেই পান করতে শুরু করে। কয়েক চুমুকের পরেই অবশ্য বদলে যায় তার হালচাল। সুরার প্রভাবে কিছুক্ষণের মধ্যেই দোকানের মেঝেতে শুয়ে পড়ে বাঁদরটি।

আরও পড়ুন: মুখ বাঁচাতে ‘ঐক্য’ দেখাল কমিশন! এক টেবিলে জ্ঞানেশ-সান্ধু-জোশী

শুধু শুয়েই পড়া নয়, কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়েও যায়। দোকানের ভিতর এমন দৃশ্য দেখে বাইরে ভিড় জমে যায় স্থানীয়দের। অনেকেই মোবাইল ফোনে সেই মুহূর্তের ছবি ও ভিডিও তুলে রাখেন। পরবর্তীতে সেই ভিডিয়োই ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে।

পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত খবর দেওয়া হয় উদ্ধারকারী বিশেষজ্ঞদের। ঘটনাস্থলে পৌঁছে তাঁরা ঘোরের মধ্যে থাকা বাঁদরটিকে নিরাপদে উদ্ধারের উদ্যোগ নেন। অদ্ভুত এই ঘটনার ভিডিও ঘিরে ইতিমধ্যেই নেটমাধ্যমে শুরু হয়েছে জোর চর্চা।