আত্মহত্যা করতে ১০ তলার ফ্ল্যাটের জানালা থেকে ঝাঁপ দিয়েছিলেন এক তরুণী। কিন্তু ভাগ্যের জোরে মাটিতে পড়ার বদলে তিনি আটকে যান একটি গাছের ডালে। পরে দমকলের তৎপরতায় তাঁকে নাটকীয়ভাবে উদ্ধার করা হয়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ভান্ডুপে। পুলিশ সূত্রে খবর, ২৬ বছরের ওই তরুণীর নাম প্রতীক্ষা হিউরালে। মাত্র চার মাস আগে তাঁর বিয়ে হয়েছিল। বুধবার সকালে ভান্ডুপের লেক রোডের সানশাইন বিল্ডিংয়ের ১০ তলা থেকে তিনি নিচে লাফ দেন প্রতীক্ষা। মাটি থেকে প্রায় ২০-২৫ ফুট উঁচুতে একটি গাছের ডালে আটকে যাওয়ায় তাঁর প্রাণ রক্ষা পায়। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত দমকলকে খবর দেন। এরপর দমকল কর্মীরা মই ও হুক ল্যাডার ব্যবহার করে তাঁকে গাছ থেকে নিরাপদে নিচে নামান এবং হাসপাতালে নিয়ে যান।
আরও পড়ুন: নেল আর্ট করাচ্ছেন? অজান্তেই বিপদ ডেকে আনছেন না তো!
চিকিৎসকরা জানিয়েছেন, প্রতীক্ষার বাম পায়ে গুরুতর আঘাত লেগেছে। অস্ত্রোপচারের জন্য তাঁকে সিয়ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পারিবারিক বা অন্য কোনো কারণে অবসাদ থেকেই আত্মহত্যার চেষ্টা করেছিলেন ওই তরুণী। তবে তিনি অচেতন থাকায় এখনও তাঁর বয়ান নেওয়া সম্ভব হয়নি। জ্ঞান ফেরার পর তাঁকে জিজ্ঞাসাবাদ করে আত্মহত্যার চেষ্টার আসল কারণ জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুন: 'পিয়া তোরা ক্যায়সা অভিমান', ঋতুপর্ণ-স্মরণ অনুষ্ঠানে যোগ দিতে শহরে শুভা মুদগাল
















