কলকাতায় আবেগঘন এক সুরের কোলাজে সেজে উঠতে চলেছে আগামী ৩০ অগাস্টের সন্ধ্যা। প্রয়াত প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋতুপর্ণ ঘোষের জন্মদিবসকে সামনে রেখেই এই বিশেষ সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে। আগামী ৩০ অগাস্ট জি.ডি. বিড়লা সভাঘরে, সন্ধ্যা ৬টায় শুরু হবে এই অনুষ্ঠান। বোরোলিনের নিবেদনে এই আয়োজনের নেপথ্যে রয়েছেন বিশিষ্ট সুরকার ও যন্ত্রশিল্পী দেবজ্যোতি মিশ্র। আগামী ৩১ অগাস্ট বাংলার দূরদর্শী চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষের জন্মদিন। সিনেমার ফ্রেমের গণ্ডি ছাড়িয়ে তাঁর বিজ্ঞাপন জগতের কাজ, ছবিতে রবীন্দ্রসঙ্গীতের মাস্টারক্লাস ব্যবহার এবং বহু জনপ্রিয় গানের পেছনের অজানা গল্প নিয়ে এই সন্ধ্যা সাজিয়েছেন দেবজ্যোতি মিশ্র।

আরও পড়ুন: নেল আর্ট করাচ্ছেন? অজান্তেই বিপদ ডেকে আনছেন না তো!

‘উৎসব’ হোক বা ‘রেনকোট’, ‘চোখের বালি’ কিংবা ‘তিতলি’—ঋতুপর্ণর সঙ্গে বহু স্মরণীয় কাজ করেছেন দেবজ্যোতি মিশ্র। মেঘ ও কুয়াশা সরিয়ে ঋতুপর্ণর সৃষ্টিশীল জীবনের নানা স্তর সুরের প্রলেপে ফুটিয়ে তুলতে চলেছেন তিনি। এই আড্ডায় চেনা ঋতুপর্ণর পাশাপাশি উঠে আসবে তাঁর এক অচেনা ও খাস রূপ। এই সুরযাত্রার সূত্রধর স্বয়ং দেবজ্যোতি মিশ্র। বেহালার জাদুকরী সুরে তিনি যেমন আসর মাতাবেন, তেমনই গান ও কথকতায় তাঁকে সঙ্গ দেবেন প্রখ্যাত কণ্ঠশিল্পী শুভা মুদগাল, শুভমিতা, জয়তী, রাঘব ও মনোময়। পাশাপাশি, মহাভারতের এক বিশেষ অংশের নাটকীয় পাঠে থাকবেন সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। ঋতুপর্ণর প্রিয় কবিতা পাঠ করবেন শোভনসুন্দর বসু। সঙ্গে থাকবেন একদল বিশিষ্ট যন্ত্রসংগীত শিল্পী।

আরও পড়ুন: নির্মাণকাজই দায়ী! হড়পা বান নিয়ে চিনের দিকে আঙুল নেপালের

অনুষ্ঠান নিয়ে বলতে গিয়ে দেবজ্যোতি মিশ্র আবেগপ্রবণ হয়ে বলেন, "ঋতু একজন বহুমুখী প্রতিভার নাম। নানা বিষয়ে ভীষণ খুঁতখুঁতে, তর্কে হারানো মুশকিল, দারুণ সেন্স অফ হিউমার, আবার খুব সংগীত-রসিক একজন মানুষ ছিলেন তিনি। যিনি আমার কণ্ঠে গান খুব পছন্দ করতেন, রবীন্দ্রনাথের গানের সিনেমাটিক ব্যবহারে অনন্য ছিলেন, সলিল চৌধুরীর গানের অনুরাগী ছিলেন—এমন এক ঋতুকে আমি সেদিন আলোচনা, গান ও যন্ত্রসংগীতে উপস্থাপিত করব। এমনকি এমন কিছু সৃষ্টিও থাকবে, যা সেসময় ছবির জন্য ভাবা হলেও আর ব্যবহার করা হয়নি।" চলচ্চিত্রের সুর ও স্মৃতির এমন এক মায়াবী সন্ধ্যায় ডুব দিতে ৩০ অগাস্ট জি.ডি. বিড়লা সভাঘরের দিকেই নজর থাকবে তিলোত্তমার সংস্কৃতিপ্রেমীদের।