ক্রমশ বিপদসীমার দিকে এগোচ্ছে পৃথিবীর তাপমাত্রা (World Temperature) । বাড়ছে সমুদ্রপৃষ্ঠের জলস্তর, দ্রুত গলছে হিমবাহ। বিশ্ব উষ্ণায়নের এই ভয়াবহ ছবির মধ্যেই নতুন করে উদ্বেগ বাড়াল অগাস্টের ( August) তাপমাত্রার পরিসংখ্যান। বিশ্ব আবহাওয়া সংস্থার ( WMO) প্রকাশিত তথ্য অনুযায়ী, পৃথিবীর ইতিহাসে উষ্ণতম অগাস্টের রেকর্ড তৈরি হয়েছে সদ্য শেষ হওয়া মাসে।
আরও পড়ুন: চলে গেলেন ‘নোটন নোটন পায়রাগুলি’র স্রষ্টা কেতকী কুশারী ডাইসন
ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্টের পরিসংখ্যান উদ্ধৃত করে ডব্লুএমও প্রেস বিবৃতিতে জানান হয়েছে, অগাস্টে পৃথিবীর বাতাসের গড় তাপমাত্রা ছিল ১৬.৯৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সর্বোচ্চ গড় তাপমাত্রার রেকর্ড ছিল ২০২৩ সালের জুলাই মাসে—১৬.৯৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আগের রেকর্ডের তুলনায় তাপমাত্রা সামান্য বাড়লেও বিজ্ঞানীদের কাছে এই বৃদ্ধি যথেষ্ট উদ্বেগের।
পরিসংখ্যান অনুসারে, ১৮৫০-১৯০০ সালের মধ্যে প্রাকশিল্পায়ন পর্বে বিশ্বের তাপমাত্রার মাপকাঠির ভিত্তিতে অগাস্টে বিশ্বের গড় তাপমাত্রা ১.৬৫ ডিগ্রি বেশি ছিল। ১৯৯১-২০০০ সালে বিশ্বের গড় তাপমাত্রার নিরিখে অগাস্টের তাপমাত্রা ০.৮৫ ডিগ্রি বেশি ছিল। ২০২৫ থেকে তাপমাত্রা আরও বাড়ছে। এরজেরেই হিমালয় সহ মেরু এলাকা গুলিতে বিভিন্ন পর্বতে হিমবাহ গলছে। সমুদ্রের জলস্তরও ক্রমশ বাড়ছে। এর ফলে উপকূলবর্তী অঞ্চলগুলিতে ভবিষ্যতে আরও বড় বিপদের আশঙ্কা তৈরি হচ্ছে।
ইউরোপেও চলতি বছরে তীব্র গরমের প্রভাব দেখা গিয়েছে। জুলাই ও অগাস্টে একাধিক দেশে তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হয়। প্রচণ্ড গরমে বহু মানুষের মৃত্যু হয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, ২০০৩ সালের ইউরোপে উষ্ণতার রেকর্ড ভেঙে গিয়েছে। স্বাভাবিকভাবেই ইউরোপে তাপপ্রবাহের তীব্রতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
















