বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ফের তৈরি হল ধোঁয়াশা। শুক্রবার রাষ্ট্রপতি ভবনের একটি বিজ্ঞপ্তি ঘিরে জল্পনা তুঙ্গে। তারেককে স্বাগত জানানোর প্রস্তুতি হিসেবে শনিবারের নিয়মিত 'গার্ড সেরেমনি' অনুষ্ঠান বাতিল করে পূর্ণাঙ্গ মহড়ার কথা জানানো হয়েছিল। কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশের মাত্র এক ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করে নেওয়া হয়।

আরও পড়ুন: নতুন তিন আইনে ‘3T’, তোলাবাজি রুখতে প্রযুক্তি-স্বচ্ছতা-সময়সীমার বার্তা শাহের

এর পরেই প্রশ্ন উঠেছে, তবে কি শেষ মুহূর্তে বাতিল হচ্ছে তারেকের ভারত সফর? যদিও এখনও পর্যন্ত সফর বাতিলের কোনও সরকারি ঘোষণা হয়নি। বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেস সচিবও জানিয়েছেন, ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আরও পড়ুন: ছররা-কাণ্ডে FIR দায়েরের দাবিতে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

গত কয়েকদিন ধরেই ২৩ থেকে ২৫ আগস্টের মধ্যে তারেকের দিল্লি সফরের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। তবে হাসিনা প্রত্যর্পণ ইস্যুতে ভারত-বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন অব্যাহত। ঢাকার তরফে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি, ওসমান হাদি হত্যাকাণ্ডের অভিযুক্তদেরও প্রত্যর্পণের দাবি জানিয়েছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি ভবনের বিজ্ঞপ্তি প্রত্যাহার নতুন করে জল্পনা বাড়িয়েছে। তবে সফর হচ্ছে না—এমন সিদ্ধান্তে পৌঁছনোর আগে দিল্লি ও ঢাকার সরকারি ঘোষণার দিকেই তাকিয়ে কূটনৈতিক মহল।