মাত্র এক সন্তানের প্রত্যাশা ছিল দম্পতির। কিন্তু প্রথম আল্ট্রাসাউন্ড রিপোর্টই বদলে দিল সব হিসেব নিকেশ! চিকিৎসাবিজ্ঞানের যাবতীয় গাণিতিক সম্ভাবনাকে হার মানিয়ে সম্পূর্ণ স্বাভাবিকভাবে একসঙ্গে চার যমজ (Identical) কন্যাসন্তানের জন্ম দিলেন অস্ট্রেলিয়ার ব্রিসবেনের বাসিন্দা জনিটা সাউ না’আমোযানা (৩৪)। চিকিৎসকদের মতে, এই ধরনের গর্ভাবস্থার সম্ভাবনা এক কোটি ৫০ লাখে মাত্র একটি!

আরও পড়ুন: তৃণমূল আমলের উন্নয়নে স্বীকৃতি উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের

ব্রিসবেনের ‘রয়্যাল ব্রিসবেন অ্যান্ড উইমেনস হাসপাতাল’-এ গত ১৪ জুলাই সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেয় এই চার শিশুকন্যা। হাসপাতাল সূত্রে খবর, এই অলৌকিক ঘটনার পিছনে রয়েছে এক জটিল জৈবিক প্রক্রিয়া। একটি মাত্র নিষিক্ত ডিম্বাণু বিভাজিত হয়ে চারটি ভ্রূণের সৃষ্টি করে। শুধু তা-ই নয়, গর্ভে চার বোনই একটি মাত্র প্লাসেন্টা ভাগ করে বেড়ে উঠছিল।

চিকিৎসা পরিভাষায় এটি চরম ‘হাই-রিস্ক’। একক প্লাসেন্টা চার ভ্রূণের মধ্যে সমানভাবে পুষ্টি ও রক্ত সরবরাহ করতে না পারলে যে কোনও মুহূর্তে বড় দুর্ঘটনার ঝুঁকি থাকে। হাসপাতালের প্রসূতি বিশেষজ্ঞ ডা. বেনডাল জানান, "জনিটা যখন সন্তানসম্ভবা হন, তখন তিনি তাঁর অন্য এক ছোট সন্তানকে স্তন্যপান করাচ্ছিলেন। তার ওপর এই বিরল গর্ভাবস্থা—পুরো বিষয়টি আমাদের কাছে যেমন বিস্ময়ের ছিল, তেমনই ছিল চরম উদ্বেগের।”

 বিশেষজ্ঞদের নিবিড় পর্যবেক্ষণে গর্ভাবস্থার ২৮ সপ্তাহ ৪ দিনে সুস্থ অবস্থায় জন্ম নেয় চার শিশু (Identical Quadruplets)। অস্ট্রেলিয়ায় স্বাভাবিক গর্ভধারণে চার অভিন্ন শিশুর জন্মের এমন সফল নথিভুক্ত ঘটনা আগে মেলেনি বললেই চলে। জনিটা ও তাঁর স্বামী জোরথামের পরিবারে আগে থেকেই এক থেকে দশ বছর বয়সি চার সন্তান ছিল। একদিনেই নতুন চার সদস্যের আগমনে পরিবারটির সন্তান সংখ্যা চার থেকে বেড়ে দাঁড়াল আট—এক নিমেষে দ্বিগুণ হয়ে গেল তাঁদের সংসার।