বিধানসভায় উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের বাজেট নিয়ে আলোচনায় উত্তরবঙ্গকে দীর্ঘদিন বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ তুলেছিল বিজেপি সরকার। কিন্তু লিখিত বাজেট বিবৃতিতে উঠে এল ভিন্ন ছবি। সরকারি নথিতেই উল্লেখ করা হয়েছে, উত্তরবঙ্গের আট জেলার আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ২০১১ সালে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর গঠনের পর থেকে সড়ক, সেতু, স্বাস্থ্য, নগর পরিকাঠামো, গ্রামীণ উন্নয়ন, উচ্চ ও কারিগরি শিক্ষা, নারী ও শিশু উন্নয়ন, ক্রীড়া, পর্যটন, সৌরশক্তি, হাট-বাজার, কমিউনিটি হল এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ-সহ বিভিন্ন ক্ষেত্রে নজিরবিহীনধারাবাহিক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে।
বাজেট বিবৃতি অনুযায়ী, ২০১২-১৩ অর্থবর্ষ থেকে এ পর্যন্ত উত্তরবঙ্গ উন্নয়ন দফতর ৫,০১৭.৩২ কোটি টাকারও বেশি মূল্যের ৩,৪১৭টি প্রকল্প সম্পন্ন করেছে। চলতি বছরেও একাধিক নতুন প্রকল্পের অনুমোদন হয়েছে এবং আরও বেশ কিছু প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে বলে নথিতে উল্লেখ করা হয়েছে। সরকারি নথিতে আরও বলা হয়েছে, উত্তরবঙ্গের পরিকাঠামোগত উন্নয়নকে আরও গতিশীল করতে বিভিন্ন দফতর, পঞ্চায়েত, রাজ্য সংস্থা এবং নগর স্থানীয় সংস্থার প্রকল্পগুলির সঙ্গে সমন্বয় সাধনের মাধ্যমে কাজ এগিয়ে নিয়ে যাওয়াই উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অন্যতম লক্ষ্য।
















