হরমুজ নিয়ে আমেরিকা যতই আগ্রাসন বাড়াতে চাইছে ততই বিপাকে পড়তে হচ্ছে মার্কিন প্রেসিডেন্টকে। এবার ট্রাম্পের চাপের কাছে মাথা নত করতে অস্বীকার করল দক্ষিণ কোরিয়া। সিওল স্পষ্ট জানিয়ে দিল, হরমুজ প্রণালীতে তারা সেনা মোতায়ন করবে না। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিউং শুক্রবার জানান মধ্যপ্রাচ্যের চলতি অস্থিরতার মাঝে দক্ষিণ কোরিয়াকে সংঘাতে জড়িয়ে পড়তে হতে পারে এরকম কোন পদক্ষেপ করা হবে না।
আরও পড়ুন: প্রার্থনা চলাকালীন খাইবার পাখতুনখোয়ায় ভয়াবহ বিস্ফোরণ! নিহত অন্তত ১৫
আমেরিকা বনাম ইরান যুদ্ধে পশ্চিমের পরিস্থিতি কিছুতেই স্বাভাবিক হচ্ছে না। এই অবস্থায় তেহরানকে আটকাতে হরমুজ দখল নিয়ে নানা সময় বিভিন্ন রকমের দাবি করতে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্টকে। লাগাতার আক্রমণ করেও ইরানকে দমিয়ে রাখতে পারছে না আমেরিকা। প্রতিদিন চলছে হামলা পাল্টা হামলা। ইরান যুদ্ধে সামরিক সহায়তার জন্য লাগাতার চাপ বাড়লেও দক্ষিণ কোরিয়া যে নিজের সিদ্ধান্তে অনড় থাকবে তা এদিন পরিষ্কার করে জানিয়ে দিলেন সে দেশের প্রেসিডেন্ট।
দক্ষিণ কোরিয়া তাদের আমদানিকৃত তেলের প্রায় ৬৩ শতাংশই হরমুজ প্রণালীর মাধ্যমে সংগ্রহ করে। এই মুহূর্তে পশ্চিম এশিয়ার সংঘর্ষের অস্থির পরিস্থিতিতে অর্থনৈতিক ও নিরাপত্তাগত উদ্বেগ বাড়ছে সিওলে। মিউং অবশ্য এটা বুঝিয়ে দিয়েছেন যে সেনা মোতায়েন না করলেও বাণিজ্যিক জাহাজ ও তেল পরিবহনের রুট নিরাপদ রাখতে প্রয়োজনীয় সব রকমের পদক্ষেপ করা হবে।দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার মধ্যে সুসম্পর্ক দীর্ঘদিনের। কিন্তু ট্রাম্প ফের আমেরিকার মসনদে বসার পর ইরান সংঘাত ও প্রতিরক্ষা নীতি নিয়ে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার মধ্যে রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে।এহেন অবস্থায় ট্রাম্পের রক্তচক্ষু উপেক্ষা করেই হরমুজের সেনা মোতায়েন না করার বিষয়ে নিজেদের অবস্থানে স্থির থাকতে চাইছে সিওল। আমেরিকার তরফ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
















