জুম্মাবারের নমাজ পাঠ চলাকালীন পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় ভয়াবহ বিস্ফোরণ (Blast in Khyber Pakhtunkhwa)! কোহাটের ‘ওল্ড পুলিশ লাইনস’-এর কাছে আচমকাই একটি বিস্ফোরক বোঝাই গাড়ি পুলিশ স্টেশনের গায়ে ধাক্কা দিতেই বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ। প্রাথমিকভাবে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত বহু। বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক। উদ্ধারকাজ চলছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: পঞ্জাবে ASI-কে গুলি করে খুন! দায় স্বীকার জঙ্গি সংগঠনের
পুলিশ সূত্রে জানা গেছে বিস্ফোরণের ফলে মসজিদের একটা বড় অংশ ভেঙ্গে পড়েছে। বিস্ফোরক বোঝাই গাড়ি ‘ওল্ড পুলিশ লাইনস’-এর গেটে ধাক্কা দিতেই ভিতরে কর্তব্যরত পুলিশ আধিকারিকরা বাইরে বেরিয়ে আসেন। শুরু হয় গোলাগুলি। ঘটনাস্থল থেকে অন্তত ২৫ জন আহতকে দ্রুত উদ্ধার করে কোহাটের জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি বেশ কয়েকজন পুলিশ আধিকারিকও গুরুতরভাবে জখম হয়েছেন বলে খবর মিলেছে।
আরও পড়ুন: রাজধানীতে নাবালিকাকে গণধর্ষণ-খুন! দেহ পড়ে রইল মাঠে
বিস্ফোরণের কারণ কী বা নেপথ্যে কারা রয়েছে তা এখনো স্পষ্ট নয়। দ্রুত পুলিশ ও নিরাপত্তা বাহিনী ‘ওল্ড পুলিশ লাইনস’ এলাকাটি ঘিরে ফেলে। তল্লাশি চালানো হচ্ছে। আপাতত মসজিদ সংলগ্ন রাস্তায় যান চলাচল বন্ধ করে নিরাপত্তার খাতিরে অতিরিক্ত পুলিশ নিয়োগ করা হয়েছে। স্থানীয়রা বলছেন বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে পার্শ্ববর্তী একাধিক বাড়ি ও কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।খাইবার পাখতুনখোয়া প্রদেশে বিদ্রোহী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-র সঙ্গে পাক সেনার সংঘর্ষ নতুন নয়। তাই এই বিস্ফোরণে নেপথ্যে আফগান যোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
















