রাশিয়ার সোচির কাছে ইউক্রেনের ড্রোন হামলা, কৃষ্ণসাগরে লাইবেরিয়ার পতাকাবাহী তেলবাহী ট্যাংকারে দাউদাউ আগুন। জাহাজে ২৩ জন ভারতীয় ছিলেন বলে জন্য গিয়েছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ। আপাতত হতাহতের কোনও খবর নেই। রাশিয়ার পরিবহন মন্ত্রক জানিয়েছে মঙ্গলবার ‘আফ্রাম্যাক্স রিও’ জাহাজে ‘নৌ ড্রোন’ দিয়ে হামলা চালানো হয়।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, হামলার পর আগুন ছড়িয়ে পড়ে সমুদ্রেও। তীব্রতা এতটাই বেশি ছিল যে প্রথম দিকে দমকলকর্মীরা জাহাজটির কাছে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করতে পারেননি। পরবর্তীতে পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে এলে জাহাজে থাকা সকলকেই নিরাপদে বাইরে আনা সম্ভব হয়েছে। সমাজমাধ্যমে এই হামলার বেশ কয়েকটি ভিডিয়ো (সত্যতা যাচাই করা হয়নি) ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে, সমুদ্র উপকূলে দাঁড়িয়ে থাকা একটি জাহাজ দাউদাউ করে জ্বলছে। এই ঘটনার পরি সোচি এবং আশপাশের এলাকায় সতর্কতা বাড়িয়ে দেয় রুশ-প্রশাসন। সমুদ্রসৈকত ও উপকূলবর্তী এলাকায় সাধারণ মানুষের প্রবেশ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের ঝুঁকি ক্রমশ বাড়ছে বলেই মনে করছে কূটনৈতিক মহল। নয়া দিল্লি অবশ্য কৃষ্ণসাগরে ইউক্রেন হামলা নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি।















