সূর্যাস্তের পর পশ্চিম আকাশে চোখ রাখলেই দেখা মিলতে পারে এক মহাজাগতিক দৃশ্যের। সোমবার সূর্যের পূর্ব দিকে সর্বোচ্চ কৌণিক দূরত্বে পৌঁছবে সৌরমণ্ডলের ক্ষুদ্রতম গ্রহ বুধ (Mercury)। সূর্য ডোবার পর কিছুটা সময় ধরে আকাশে বুধকে দেখার সুযোগ মিলবে। পাশাপাশি দেখা মিলতে পারে একফালি চাঁদেরও। তবে আকাশ পরিষ্কার (Clear Sky) থাকলেই দেখা মিলবে এই দৃশ্য।
সূর্যের চারদিকে খুব কাছের কক্ষপথে ঘোরার কারণে পৃথিবী থেকে বুধকে সাধারণত আশপাশেই দেখা যায় না। অধিকাংশ সময় সূর্যের আলোর ঝলকানিতে বুধকে খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। তবে নির্দিষ্ট সময়ে সূর্য থেকে তার কৌণিক দূরত্ব বেড়ে গেলে সন্ধ্যা কিংবা ভোরের আকাশে গ্রহটিকে দেখার সুযোগ তৈরি হয়। জ্যোতির্বিজ্ঞানের ভাষায়, সূর্যের পূর্ব দিকে বুধ যখন তার সর্বোচ্চ কৌণিক দূরত্বে পৌঁছয়, সেই অবস্থানকে বলা হয় ‘গ্রেটেস্ট ইস্টার্ন ইলঙ্গেশন’। ১২ অক্টোবর বিকেল সাড়ে ৩টে নাগাদ ভারতীয় সময়ে বুধ এই অবস্থানে যায়। তবে সেই সময় সূর্যের কাছাকাছি থাকায় গ্রহটিকে দেখা কঠিন হবে। সূর্যাস্তের পর পশ্চিম আকাশে বুধকে খুঁজে পাওয়ার সম্ভাবনা বেশি।
নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, চিলি ও আর্জেন্টিনার মতো দক্ষিণ গোলার্ধের বিভিন্ন দেশ থেকে এই মহাজাগতিক দৃশ্য দেখার সুযোগ থাকবে। পাশাপাশি ভারত ও ব্রিটেন থেকেও বুধকে দেখার সম্ভাবনা রয়েছে। তবে সব জায়গা থেকে দৃশ্যটি সমান স্পষ্ট হবে না। কারণ পুরো বিষয়টি নির্ভর করবে সূর্যাস্তের সময়, আবহাওয়া এবং পশ্চিম দিগন্তের পরিস্থিতির উপর। সূর্যাস্তের পর পশ্চিম আকাশের দিকে নজর রাখতে হবে। দিগন্তের কাছে উঁচু বাড়ি, গাছপালা বা অন্য কোনও বাধা না থাকলে বুধকে খুঁজে পাওয়া তুলনামূলক সহজ হতে পারে। আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেও গ্রহটিকে দেখার চেষ্টা করা যায়। তবে আরও স্পষ্টভাবে দেখতে দূরবিন বা দূরবীক্ষণ যন্ত্র কাজে আসতে পারে।














