এশিয়ান গেমসের(Asian Games) তিরন্দাজিতে দ্বিতীয় সোনা। বুধবার দিনের শুরুতে কমপাউন্ড আর্চারিতে মহিলাদের সোনা জয়ের কয়েক ঘণ্টার মধ্যে ফের তিরন্দাজিতে নিখুঁত লক্ষ্যভেদ ভারতের। মিক্সড কমপাউন্ড ইভেন্টেও সোনা জিতল ভারত। দক্ষিণ কোরিয়ার জুটিকে শুটআউটে হারিয়ে স্বর্ণপদক জয় সাহিল যাদব ও চিকিতার (Chikitha Taniparthi and Sahil Jadhav)।
এই নিয়ে অষ্টম সোনা জয় ভারতের। সোনার জয়ের সঙ্গে আরও বড় সুখবর ভারতের জন্য। ২০২৮-র লস অ্যাঞ্জেলস অলিম্পিকের টিকিটও হাতে পেল ভারতীয় তিরন্দাজ দল। চিকিতা তানিপার্থি এবং সাহিল যাদব ইস্পাতকঠিন মানসিকতা দেখিয়ে ফাইনালে ১৫৮-১৫৭ পয়েন্টে হারান দক্ষিণ কোরিয়ার জুটি জুংইয়ুন পার্ক এবং চোই ইউন গিউকে। নির্ধারিত রাউন্ড শেষে ১৫৭-১৫৭ স্কোরে প্রতিযোগিতা শেষ হয়েছিল। তার পরে হয় শুট-আউট। সেখানে মাথা ঠান্ডা রেখে বুলস-আইয়ে হিট করে ভারত। কিন্তু দক্ষিণ কোরিয়ার এক তিরন্দাজ ৯ মারতেই ভারতের সোনা জয় নিশ্চিত হয়।
সেমিফাইনালে তাঁরা ১৫৬-১৫৫ পয়েন্টে হারিয়েছিলেন তাইল্যান্ডকে।তিরন্দাজিতে দক্ষিণ কোরিয়া বরাবরাই শক্ত গাঁট। সেই কোরিয়াকেই ফাইনালে পরাজিত করে আগেই সোনার পদক নিশ্চিত করল ভারত। সেই সঙ্গে ২০২৮-র লস অ্যাঞ্জেলস অলিম্পিকের টিকিটও নিশ্চিত করে ফেলল ভারতীয় তিরন্দাজ দল।এর আগে দিনের শুরুতে মেয়েদের কম্পাউন্ড তিরন্দাজিতে চিনকে ২৩৮-২৩৪ পয়েন্টে হারিয়ে সোনা জিতেছিল ভারত।
এর পাশাপাশি সেমিফাইনালে হেরে গ্রেকো-রোমান কুস্তিতে ব্রোঞ্জের জন্য লড়বেন সুনীল কুমার। স্কোয়াশে মেডেল নিশ্চিত করেছে মহিলা দল। বক্সিংয়ে লাভলিনা ফাইনালে পৌঁছে পদক নিশ্চিত করলেন।
















