ইউএস ওপেন (US Open) মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন এলিনা রিবাকিনা(Elena Rybakina)। কাজাখস্তানের টেনিস খেলোয়াড় খেতাব নির্ণায়ক ম্যাচে হারালেন অ্যারিনা সাবালেঙ্কাকে(Aryna Sabalenka )। ৬-৪, ৫-৭, ৬-২ ব্যবধানে জয় পেলেন রিবাকিনা। এই নিয়ে তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতলেন রিবাকিনা,চলতি বছরের শুরুতেই অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাবালেঙ্কাকে হারিয়েছিলেন রিবাকিনা। এবার ইউএস ওপেনেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। বদলা অধরাই থাকল সাবালেঙ্কার।
আর্থার অ্যাশ স্টেডিয়ামে কিন্তু খাতায় কলমে এগিয়ে থেকেই কোর্টে নেমেছিলেন সাবালেঙ্কা। কিন্ত সব হিসেব উল্টে দিয়ে ফাইনালে ২ ঘণ্টা ২১ মিনিটের লড়াই শেষে জয় নিশ্চিত করেন দ্বিতীয় বাছাই রিবাকিনা।প্রথম সেট ৬-৪ এ জেতার পর দ্বিতীয় সেটে সাবালেঙ্কা দুর্দান্তভাবে প্রত্যাবর্তন করনে। ৫-৭ ব্যবধানে জিতে নেন বেলারুশের টেনিস তারকা।তবে নির্ণায়ক তৃতীয় সেটে দাপটের সঙ্গে ৬-২ ব্যবধানে ম্যাচে নিজের জয় নিশ্চিত করেন রিবাকিনা।
সেমিফাইনালে ওঠার সঙ্গেই তাঁর শীর্ষস্থান নিশ্চিত হয়ে গিয়েছিল রিবাকিনার। ফাইনালে এল ট্রফির চূড়ান্ত সিলমোহর।১ নম্বর স্থান দখল করে নিলেন রিবাকিনা। টানা তৃতীয়বার ফ্ল্যাশিং মিডোজে খেতাবজয়ের স্বপ্ন অধরাই রইল সাবালেঙ্কার। রিবাকিনার কাছে হেরে বিশ্বের এক নম্বর আসনটিও হাতছাড়া হল তাঁর। ইউএস ওপেন জয়ের হ্যাটট্রিক করতে না পেরে মেজাজ হারিয়েছেন সাবালেঙ্কা। খেতাব জিততে না পারা এবং শীর্ষ স্থান হারানোর জোড়া হতাশা গোপন করতে পারেননি।
২৭ বছর বয়সী রিবাকিনার এই জয় বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ সিনসিনাটি ওপেনের কোয়ার্টার ফাইনালে গোড়ালিতে চোট পেয়ে কয়েকদিন তিনি হাঁটতেই পারছিলেন না। টুর্নামেন্টে অংশগ্রহণই অনিশ্চিত ছিল তাঁর।
















