চোটের সমস্য়া যেন কিছুতেই মিটছে না ভারতীয় দলের। আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজের আগে চোটমুক্ত না হওয়ায় ছিটকে গেলেন হর্ষিত রানা।  বৃহস্পতিবার বিসিসিআইয়ের পক্ষ থেকে হর্ষিতের বিকল্প ক্রিকেটারের নাম ঘোষণা করে দেওয়া হল।

আগামী  ১৩, ১৫ এবং ১৭ সেপ্টেম্বর দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের দল ঘোষিত হয়েছে কয়েক দিন আগে। শ্রেয়স আইয়ারের  নেতৃত্বাধীন ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। কিন্তু দলে চার জন ক্রিকেটার আছেন যাদের ফিটনেস নিয়ে সংশয় ছিল। বুমরাহ ছাড়াও নীতীশ কুমার রেড্ডি , ওয়াশিংটন সুন্দর এবং হর্ষিত রানার খেলা নির্ভর করছিল ফিটনেসের উপর।

চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন হর্ষিত। বিশ্বকাপের দল থেকে বাদ পড়েন। পরে আইপিএলেও খেলতে পারেননি কলকাতা নাইট রাইডার্সের পেসার। এরপর থেকে টানা মাঠের বাইরে  আছেন হর্ষিত।  আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজে তাঁর নাম থাকলেও ফের বাদ যেতে হল হর্ষিতকে।  ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় শেষ মুহূর্তে দলের বাইরে যেতে হল দিল্লির এই তরুণ ফাস্ট বোলারকে। 

হর্ষিত রানা ফিটনেস সমস্যার কারণে ছিটকে যেতেই তার বদলি হিসেবে তরুণ ডানহাতি পেসার যশ ঠাকুরকে ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। আফগানিস্তান সিরিজের পাশাপাশি আসন্ন এশিয়ান গেমসের ১৫ সদস্যের মূল টি-টোয়েন্টি স্কোয়াডেও সুযোগ পেলেন তিনি।

বুমরাহের ফিটনেস নিয়ে সংশয় আছে।  একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে,  বুমরাহের বিকল্প হিসাবে তৈরি রাখা হচ্ছে আরও এক পেসার প্রিন্স যাদবকে। কেবল বুমরাহ নন, চোটের কারণে মাঠের বাইরে থাকা আরও তিন ক্রিকেটারকেও ফিটনেস পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে।