দেবীপক্ষে রাজ্যে ৬ হাজার কোটি টাকার বিনিয়োগ, বিশ্বকর্মা পুজোর দিন নবান্ন (Nabanna) থেকে বড় ঘোষণা। আগামী ১৪ অক্টোবর, হলদিয়া পেট্রোকেমিক্যালের (Haldia Petrochemicals) প্রায় ৬,০০০ কোটি টাকার নতুন ফেনল ও অ্যাসিটোন প্ল্যান্টের উদ্বোধন হতে চলেছে। জানা গিয়েছে এটি দেশের প্রথম ওলেফিন কনভার্শন টেকনোলজি নির্ভর প্রোপিলিন প্ল্যান্ট (Propylene plant based on olefin conversion technology) এবং দেশের বৃহত্তম ফেনল উৎপাদন ইউনিট হতে চলেছে।
পুজোর মরশুমে রাজ্যে শিল্পের জোয়ার। হলদিয়ায় চালু হতে চলা এই নতুন ইউনিট রাজ্যে অনুসারী শিল্পে বিনিয়োগের বিস্তার ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) বারবার জানিয়েছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শিল্প বান্ধব পরিবেশ তৈরি করা এবং বিনিয়োগের জোয়ার আনার পাশাপাশি কর্মসংস্থান গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার (Govt of West Bengal)। শুভেন্দু আগেই জানিয়েছেন যে, রাজ্য মন্ত্রিসভা ইতিমধ্যেই বজবজ শিল্পতালুক-সহ ৩২টি সংস্থাকে জমি হস্তান্তরের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) ক্যাবিনেট বৈঠকের দ্বিতীয়ার্ধে সংশ্লিষ্ট সংস্থাগুলির হাতে আনুষ্ঠানিকভাবে এই জমি তুলে দেবে রাজ্য সরকার। এই ঘটনা দক্ষিণ ২৪ পরগনা-সহ পশ্চিমবঙ্গের শিল্প মানচিত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মাইলফলক বলে মনে করা হচ্ছে।
শিল্প ও বিনিয়োগ বিশেষজ্ঞদের মতে, আসন্ন উৎসবের মরশুমে একদিকে জমি হস্তান্তর অন্যদিকে হলদিয়া পেট্রোকেমিক্যালের নতুন ইউনিটের উদ্বোধন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কয়েক হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চলেছে। অনেকেই এই ঘটনাকে পশ্চিমবঙ্গের ডবল ইঞ্জিন সরকারের যুগান্তকারী পদক্ষেপ বলে আখ্যা দিয়েছেন।
















