বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteers of West Bengal) কাজের সুবিধার্থে তৈরি অ্যাপ এবার বন্ধ করার সিদ্ধান্ত নিল নতুন সরকার। ৩০ লক্ষ টাকা খরচ করে টাস্ক ম্যানেজমেন্ট অ্যাপটি তৈরি করা হয়েছিল। ওই অ্যাপে রাখা হয় ডিজি ও আইজি পদমর্যাদার অফিসারদের। পালাবদলের পর সেই অ্যাপ আর ব্যবহার করা হয়নি। আর এবার তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হল।
আরও পড়ুন: AI ব্যবহার করে ভুয়ো লটারি তৈরি! ডানকুনিতে প্রতারণার অভিযোগে গ্রেফতার ৫
প্রত্যন্ত এলাকায় কোনও ঘটনা ঘটলে দ্রুত সেই খবর ভিডিওসমেত পৌঁছে দেওয়া হত এই অ্যাপের মাধ্যমে। সেজন্যই প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশ সিভিকদের জন্য অ্যাপটি চালু করান। যাতে সেই খবরের ভিত্তিতে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যেতে পারে স্থানীয় থানার পুলিশ। পাশাপাশি ওই খবরের ভিত্তিতে থানা কী ব্যবস্থা নিল তাও জানতে পারত শীর্ষ কর্তারা। পাশাপাশি কোন সিভিকের কোথায় ডিউটি রয়েছে এবং তিনি নির্দিষ্ট জায়গায় রয়েছেন কি না সব জানা যেত এই অ্যাপের মাধ্যমে।
একটি বিশেষজ্ঞ সংস্থাকে দিয়ে এই অ্যাপটি তৈরি করানো হয়েছিল। কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে সেই অ্যাপ ব্যবহার করা হয়নি। এবার অবশেষে তা বন্ধ করে দেওয়ার কথা জানানো হয়েছে। সিভিকদের জন্য এই সংক্রান্ত নতুন কোনও অ্যাপ চালু হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।
















