রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর এবার উত্তরবঙ্গ ও পাহাড়ে নতুন করে উন্নয়নের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই আবহেই এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে কলকাতায় হাজির হলেন গোর্খা নেতা বিমল গুরুং। মঙ্গলবার শহরে পৌঁছে এক মন্দিরে পুজোও দেন তিনি।
পাহাড়ের সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জিএনএলএফ নেতা বিমল গুরুংয়ের। বিজেপি নেতৃত্বের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পাহাড়ে দলের ভিত শক্ত করতে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি বিধানসভা নির্বাচনে পাহাড়ে বিজেপির ব্যাপক প্রচার এবং জনসংযোগের মূল দায়িত্ব অনেকটাই ছিল তাঁর কাঁধে। শুভেন্দু অধিকারীর সঙ্গে পা মিলিয়ে পাহাড়ে যৌথ উন্নয়নের বার্তা দিয়েছেন বিমল গুরুং। একই সঙ্গে জিটিএ দুর্নীতির যাবতীয় ফাইল খুলে তদন্তের দাবিও তুলেছেন তিনি। সম্প্রতি পাহাড়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে দেখা গিয়েছিল গুরুংকে, যেখানে শুভেন্দু এবং বিমল একে অপরকে জয়ের শুভেচ্ছা জানান। এর পর পাহাড়ের সার্বিক উন্নয়ন এবং ভবিষ্যতের রূপরেখা ঠিক করতেই গুরুংয়ের এই কলকাতা সফর বলে খবর।
















