পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করল বিশ্বকোষ পরিষদ। আমাহার্স্ট রো-র এই সংস্থার উদ্যোগে কলকাতার কলেজ স্কোয়্যারে অবস্থিত বিদ্যাসাগর মহাশয়ের মর্মর মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। বহু বছর ধরে সংস্থার প্রতিষ্ঠাতা প্রয়াত পার্থ সেনগুপ্তের প্রধান উদ্যোগে বাংলা পঞ্জিকা বা ক্যালেন্ডার অনুযায়ী বিদ্যাসাগরের জন্মদিন পালন করে আসছে বিশ্বকোষ পরিষদ। উদ্যোক্তাদের দাবি, ইংরেজি তারিখের বাইরে গিয়ে বাংলা মতে তাঁর জন্মদিন পালনের ক্ষেত্রে দেশের হাতে গোনা কয়েকটি সংগঠনের মধ্যে তাঁরা অন্যতম।
এ দিন দুপুর ১২টায় কলেজ স্কোয়্যারের এই অনুষ্ঠানে সাংগঠনিক দায়িত্বে ছিলেন বিশ্বকোষ পরিষদের সহকারী সম্পাদক শ্যামল চৌধুরী এবং বাপন নস্কর। এ ছাড়া উপস্থিত ছিলেন সংস্থার অন্যান্য সদস্য ও বিদ্যাসাগরপ্রেমী নাগরিকেরা। অনুষ্ঠান থেকে রাজ্য সরকারের কাছে একগুচ্ছ দাবি পেশ করেছে বিশ্বকোষ পরিষদ।
সংস্থার সাধারণ সম্পাদক নীলাদ্রি সেনগুপ্ত জানান, বাংলার নারী শিক্ষার অগ্রদূত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে কন্যাশ্রী প্রকল্প চালুর পাশাপাশি রবীন্দ্রজয়ন্তীর মতো বিদ্যাসাগরের জন্মদিনও বাংলা ক্যালেন্ডার মেনে রাজ্য সরকারের তরফে পালন করা উচিত। এ ছাড়া এই বিশেষ দিনে রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ ছুটি ঘোষণা এবং কলকাতায় বিদ্যাসাগরের নামে একটি উচ্চমানের গবেষণা কেন্দ্র বা রিসার্চ সেন্টার গড়ে তোলারও দাবি তোলা হয়েছে। সংস্থার আশা, মাননীয় মুখ্যমন্ত্রী এই দাবিগুলির বিষয়ে দৃষ্টিপাত করবেন এবং উপযুক্ত ব্যবস্থা নেবেন।
















