রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই তোলাবাজির গুরুতর অভিযোগ উঠছে একাধিক বিজেপি নেতার  বিরুদ্ধে। এর বিরুদ্ধে দল ব্যবস্থাও নিচ্ছে। এবার বীরভূমের আহমদপুরে পরিচারিকার শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার বিজেপির যুব নেতা অরুপ মণ্ডল। 

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে(ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ)। ভিডিও তাঁকে ঘরের ভিতর বলপূর্বক পরিচারিকাকে শারীরিক হেনস্থা করতে দেখা যাচ্ছে। অরূপ মণ্ডলের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান নিগৃহীতা। পরিচারিকার অভিযোগের ভিত্তিতেই এই গ্রেফতার বলে পুলিশ সূত্রে খবর। আজ (শুক্রবার) অভিযুক্তকে সিউড়ি আদালতে তোলা হবে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এই বিষয়ে অভিযুক্ত বা তাঁর পরিবারের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

 

অভিযুক্ত বিজেপি নেতাকে সাঁইথিয়া থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। ধৃত অরুপ মণ্ডল বোলপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সহ-সভাপতি বলে জানা গিয়েছে। এই ঘটনায় স্বভাবতই অস্বস্তি বাড়িয়েছে বিজেপির। ক্ষমতায় আসার পর থেকেই এক শ্রেণির বিজেপি নেতা এবং স্থানীয় স্তরের কর্মীদেরও মধ্যেও ক্ষমতার দম্ভ পেয়ে বসেছে। রাজ্যের একাধিক প্রান্ত থেকে তোলাবাজির অভিযোগ আসছে। এমনকি চাঁদার জুলুম কয়েকগুণ বৃদ্ধিও পেয়েছে বিজেপি জামানায়। এবার যৌন নিগ্রহের গুরুতর অভিযোগ উঠল বিজেপির যুব মোর্চার  নেতার বিরুদ্ধে। 

রাজ্যে বিজেপির শীর্ষ নেতৃত্ব বার বার নীচু স্তরে বার্তা পাঠাচ্ছে অনৈতিক কাজ থেকে দূরে থাকার জন্য। কিন্তু শীর্ষ নেতৃত্বের বার্তা আর নীচু স্তরের নেতাদের কাজের মধ্যে অনেক ফারাক থেকে যাচ্ছে। যা দল তথা সরকারের ভাবমূর্তিকে কালিমা লিপ্ত করছে।