বর্ধমানে প্রশাসনিক সভা থেকে কৃষকদের জন্য একাধিক সুবিধার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Suvendu Adhikari)। শুক্রবার পূর্ব বর্ধমান পুলিশ লাইনে আয়োজিত সভায় কৃষি ক্ষেত্রে বিদ্যুৎ খরচ কমানো থেকে ধান কেনা, কৃষক (Farmer) সম্মান নিধি এবং আলু চাষিদের জন্য বিশেষ প্যাকেজসহ একাধিক বিষয়ে সরকারের পরিকল্পনার কথা জানান তিনি। বিভিন্ন জেলার একাধিক কৃষক উপস্থিত ছিলেন তাঁর এই সভায়। সফরের শুরুতে সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী।
কৃষিকাজের বিদ্যুৎ খরচ কমাতে বছরে ২৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। প্রায় ৪ লক্ষ কৃষককে বিদ্যুতের প্রতি ইউনিটে ২ টাকা করে ভর্তুকি দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি। পাশাপাশি তিনটি সাবস্টেশনের উদ্বোধন হয়েছে বলে জানান।
এছাড়াও ধান কেনার ক্ষেত্রে কৃষকদের জন্য নির্দিষ্ট কোনও ঊর্ধ্বসীমা থাকবে না বলেও জানান তিনি। তাঁর ঘোষণা, কৃষকরা যত ধান বিক্রি করতে চাইবেন, রাজ্য সরকার তা কিনবে। কুইন্টাল প্রতি ২৭০০ টাকা ন্যূনতম সহায়ক মূল্য দেওয়ার পাশাপাশি আরও ২০০ টাকা করে বাড়তি দেওয়া হবে। ধান কেনাবেচায় দালালদের কোনও ভূমিকা থাকবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি। ১০০ কুইন্টাল ধান বিক্রি করলে বাড়তি ২০০০ টাকা পাওয়া যাবে। কৃষকদের স্বার্থ দেখার ক্ষেত্রে বিধায়কদের ‘পাহারাদার’ হিসেবে কাজ করার বার্তাও দেন মুখ্যমন্ত্রী।
কৃষক সম্মান নিধির ক্ষেত্রেও একাধিক ঘোষণা করেন তিনি। এ বছর থেকে ৯ হাজার টাকা করে পাবেন ৫৪ লক্ষ কৃষক বলে জানান মুখ্যমন্ত্রী। কৃষকবন্ধু প্রকল্পের ভেরিফিকেশন শেষ করা হবে। এক ছটাক জমি থাকলেও বছরে ৪ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির সুবিধা না-পাওয়া কৃষকদের রাজ্য সরকারের তরফে বছরে ৬ হাজার টাকা দেওয়া হবে বলেও জানান। একই সঙ্গে আলু চাষিদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করা হবে। ডিসেম্বরের আগেই সেই প্যাকেজ ঘোষণা করার কথা জানান মুখ্যমন্ত্রী। ডিসেম্বর থেকে আলু চাষের জন্য জমি তৈরির প্রস্তুতি নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
















