বাবা জেলে, অথচ সামনে নির্বাচন। এই পরিস্থিতিতে এবার প্রকাশ্যে মুখ খুলল নন্দীগ্রামের (Nandigram) কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের (Milan Pradhan) ১৫ বছরের মেয়ে অরুণিমা প্রধান (Arunima Pradhan)। ভিডিয়ো বার্তায় বাবার গ্রেফতারি নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি নন্দীগ্রামের মানুষের কাছে বাবাকে সমর্থনের আবেদন জানিয়েছে 'জেন-জি' কন্যা।

আরও পড়ুন: লাদাখে হিংসার দায় শাহের! ‘এনকাউন্টারে মৃত্যু’র আশঙ্কা সোনমের

এর আগে মিলনের গ্রেফতারি নিয়ে সরব হয়েছিলেন তাঁর স্ত্রী অর্পিতা প্রধান (Arpita Pradhan)। মিলনের হয়ে সাংবাদিক বৈঠকও করেন তিনি। স্বামীর পাশে দাঁড়ানোর জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) ধন্যবাদ জানান তিনি। স্ত্রীর পরেই এবার কন্যাও তাঁর গ্রেফতারির বিরুদ্ধে সরব হল।

আরও পড়ুন: টলিউডে ধামাকা! দেবের ‘কিশোরী’ এবার জিতের নায়িকা

অরুণিমার কথায়, ‘‘আজ আমার বাবা জেলে। মিথ্যে মামলায় তাঁকে জেলে পাঠানো হয়েছে। নন্দীগ্রাম আন্দোলনে আমার দাদু ছিলেন, আমার বাবাও ছিলেন। আরও অনেকেই ছিলেন। তাহলে শুধু আমার বাবাকেই কেন জেলে থাকতে হবে? কেউ বাইরে ঘুরছেন, আর কেউ লক আপে, এটা কী ধরনের বিচার?’’

‘জেন জি’-র প্রতিনিধি হিসেবে অরুণিমার বক্তব্য, যন্তর মন্তরে প্রতিবাদ থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনের ছবি সে দেখেছে। কিন্তু এবার নিজের পরিবারের পরিস্থিতির মধ্যে দিয়ে প্রতিবাদের বাস্তব অর্থ বুঝতে পারছে সে। বাবার হয়ে নন্দীগ্রামবাসীর কাছে অরুণিমার আবেদন, এই পরিস্থিতি দীর্ঘদিন চলতে পারে না। নন্দীগ্রামের ‘ভূমিপুত্র’ হিসেবে তার বাবা এবার নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। অরুণিমার কথায়, নন্দীগ্রামের আন্দোলনের সঙ্গে যাঁরা যুক্ত ছিলেন, তাঁদের মধ্যে তার বাবা ও দাদুরাও নেতৃত্বের জায়গায় ছিলেন। অথচ আজ তার বাবাকেই জেলে থাকতে হচ্ছে। অরুণিমা  কথায়, ‘‘আমার বাবা সৎ এবং অহিংসার লড়াই লড়ছেন। আপনারা তাঁকে সমর্থন করুন।’’